কেন্দ্রীয় পরিশোধনাগার এ মাসেই চালু হচ্ছে ঢাকা ইপিজেডে
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড, সাভার) এ মাসেই চালু হচ্ছে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি)। ‘বায়ো ইলেকট্রিক্যাল প্রযুক্তি’ ভিত্তিক এই শোধনাগারে প্রতিদিন ১১০টি শিল্পপ্রতিষ্ঠানের ৪৩ হাজার বর্গমিটার তরল বর্জ্য পরিশোধন করা হবে।এই পরিশোধনাগারের নির্মাণ ও পরিচালন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জামিল ডি আহসান ও ব্যবস্থাপনা পরিচালক জিম সিলভারম্যান গতকাল বৃহস্পতিবার প্রকল্প এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব তথ্য জানিয়েছেন। ১৯৮৭ সালে ডিইপিজেড চালু হওয়ার প্রায় ২৫ বছর পর এই পরিশোধনাগার স্থাপন করা হলো। এত বড় ও আধুনিক প্রযুক্তির বর্জ্য শোধনাগার দেশে এটিই প্রথম। সরকারি-বেসরকারি অংশগ্রহণে (পিপিপি) প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এই পরিশোধনাগার প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।সরকারের পক্ষে এর অংশীদার হচ্ছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)। যৌথভাবে বেসরকারি অংশীদার ও বিনিয়োগকারী হচ্ছে সিঙ্গাপুরভিত্তিক ফ্লাগশিপ ইকোসিস্টেমস এবং বাংলাদেশের ডি-ওয়াটার ইকোসিস্টেমস লিমিটেড।আড়াই দশক ধরে ডিইপিজেড ও এর আশপাশের এলাকায় ব্যাপকভাবে নানা ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক পরিবেশ দূষণকারী অনেক প্রতিষ্ঠানেও বর্জ্য পরিশোধনাগার ছিল না বা নেই। অনেক প্রতিষ্ঠানে তা স্থাপন করা হলেও ব্যয় সংকোচনের জন্য প্রয়োজনমতো চালানো হয় না। ফলে সাভারের বিস্তৃত এলাকায় পানি ও মাটি দূষণ ভয়াবহ আকার ধারণ করে। এই পরিস্থিতিতে বেপজা ডিইপিজেডে কেন্দ্রীয় পরিশোধনাগার স্থাপনের সিদ্ধান্ত নেয়।২০০৯ সালের ৫ মার্চ প্রকল্পটি বাস্তবায়নের জন্য উপরিউক্ত দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। সম্প্রতি পরীক্ষামূলকভাবে কেন্দ্রটি চালু করা হয়েছে। চলতি মাসের মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধন ও কেন্দ্রটি চূড়ান্তভাবে কার্যকর হবে। এর ফলে ওই এলাকায় ডিইপিজেড থেকে বর্জ্য নির্গত হওয়া বন্ধ হবে। পানি-মাটির দূষণও কমবে।তবে আশপাশের অসংখ্য প্রতিষ্ঠান থেকে অশোধিত বর্জ্য নির্গত হওয়া অব্যাহত থাকায় দূষণ পরিস্থিতির তেমন একটা উন্নতি হবে না বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।এই পরিশোধনাগারের প্রযুক্তিতে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে না। শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে নির্গত তরল প্রথমে জৈবপ্রযুক্তিতে ৬০ শতাংশ পর্যন্ত দূষণমুক্ত করার পর বাকি দূষণমুক্ত করার জন্য বৈদ্যুতিক প্রযুক্তি প্রয়োগ করা হবে। এতে প্রতি ইউনিট (এক বর্গমিটার তরল বা দূষিত পানি) পরিশোধন করতে ৪০ টাকা হিসাবে ব্যয় করতে হবে প্রতিষ্ঠানগুলোকে।দূষিত পানি পরিশোধনের পর তা পাশের জলাশয়ে প্রবাহিত করা হবে। আর পরিশোধন প্রক্রিয়ায় প্রতিদিন প্রায় তিন মেট্রিক টন জৈবসার তৈরি হবে। এগুলো কৃষিক্ষেত্রে ব্যবহার করা যাবে বলে প্রকল্পের পরিচালন কর্তৃপক্ষ জানিয়েছে।