কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে চা-শ্রমিকদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-শ্রমিকেরা ঢাকায় এসে এক সপ্তাহের মধ্যে শ্রীমঙ্গল লেবার হাউস দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। এ ছাড়া বর্তমান দৈনিক মজুরি ৪৮ টাকা থেকে ১০০ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে শ্রমিকদের এ দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন বিশিষ্ট কয়েকজন নাগরিক। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এ সমাবেশের আয়োজন করে। ইউনিয়নের দাবি অনুযায়ী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও চট্টগ্রাম থেকে প্রায় তিন হাজার চা-শ্রমিক সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ প্রত্যাহারের দাবি জানান। তাঁরা বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ইউনিয়ন সুষ্ঠুভাবে কাজ করে যাচ্ছিল। কিন্তু নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আগে বাংলাদেশ শ্রম পরিদপ্তর ২৪ নভেম্বর পরাজিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটিকে চার মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অধিকার দেয়। ওই কমিটি ২৫ নভেম্বর পুলিশের সহায়তায় শ্রীমঙ্গল লেবার হাউস জোরপূর্বক দখল করে নেয়। বক্তারা অভিযোগ করেন, নির্বাচিত ইউনিয়ন বাতিলের ক্ষেত্রে বাংলাদেশ চা কোম্পানির সরকার মনোনীত সভাপতি এবং চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ কাজ করছেন। তাঁকে বাংলাদেশ চা কোম্পানির সভাপতির পদ থেকে অপসারণের দাবি জানানো হয় সমাবেশ থেকে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি শিউধনী কুর্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সুজনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ, গণফোরাম নেতা পংকজ ভট্টাচার্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মেসবাহ কামাল, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, শ্রমিক নেতা ওয়াজেদুল ইসলাম খান, নওয়াব আলী আব্বাস খান, রাজেকুজ্জামান রতন, মোশরেফা মিশু, কবি কাজী রোজী, জোনায়েদ সাকি প্রমুখ বক্তব্য দেন। চা-শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য দেন রামভজন কৈরি, তপন দত্ত, শ্যামনারায়ণ গড়, বিজয় হাজরা প্রমুখ। সমাবেশে বলা হয়, অনতিবিলম্বে লেবার হাউস নির্বাচিত চা শ্রমিক ইউনিয়নের কাছে ফিরিয়ে না দেওয়া হলে সংবাদ সম্মেলন করে মানববন্ধনসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।