কেবল ব্যবসায়িক স্বার্থ মাথায় থাকলে সাংবাদিকতা লক্ষ্যচ্যুত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল ব্যবসায়িক স্বার্থ মাথায় রেখে কোনো সংবাদপত্র বা সংবাদমাধ্যম পরিচালিত হলে সাংবাদিকতা লক্ষ্যচ্যুত হয়। এই প্রবণতা সৎ সাংবাদিকতার বড় প্রতিপক্ষ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। নবগঠিত প্রতিষ্ঠান জার্নালিজম অ্যান্ড পিস ফাউন্ডেশন (জেপিএফ) ‘সত্য, শান্তি ও সাংবাদিকতা’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে।সেমিনারে আলোচকেরা বলেন, দেশে এখন মালিক-সম্পাদকদের দুর্ভাগ্যজনক বিকাশ হয়েছে। সম্পাদকীয় প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান অবমূল্যায়ন হয়েছে। এসব বিষয় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন প্রতিবন্ধকতা বলে তাঁরা উল্লেখ করেন। তাঁরা আরও বলেন, সংবাদপত্র আজ বড় পুঁজির বড় শিল্প। রাশি রাশি টাকা ছাড়া কোনো মিডিয়া বা সংবাদপত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তবে পুঁজির পূজাতেই যদি সাংবাদিকতা নিয়ন্ত্রিত হয়, তাহলে তা দুর্ভাগ্যজনক। আলোচকেরা আরও বলেন, সাংবাদিকতার ব্যাপ্তি ও প্রভাব এখন বিস্ময়করভাবে বিস্তৃত। কিন্তু প্রতিটি সংবাদমাধ্যমের বস্তুনিষ্ঠতা, সত্যাসত্য অনুসন্ধান, মূল উদ্ঘাটন ও তার নিরপেক্ষ প্রচার জরুরি। মানুষ যেন বিভ্রান্ত না হয়, বিভক্ত না হয়, সংকট বা সংঘাত যেন না বাড়ে, সেদিকেও নজর দিতে হবে। সেমিনারে মূল প্রবন্ধে সাংবাদিক ও লেখক হারুন হাবীব বলেন, স্বাধীন সাংবাদিকতার মূল প্রতিপক্ষ এককালে ছিল রাষ্ট্র। এর সঙ্গে যুক্ত হয়েছে অগণতান্ত্রিক শাসক, ক্ষমতার অবৈধ দখলদার, প্রতাপশালী করপোরেট পুঁজি, সুসংঘবদ্ধ চোরাচালানি চক্র, উগ্রধর্ম বা অসহিষ্ণু আদর্শবাদ এবং উগ্রবাণিজ্যবাদ। তিনি আরও বলেন, ব্যবসা বা তেজারতি সংবাদমাধ্যমের মূল লক্ষ্য হলে সাংবাদিকতা বৃন্তচ্যুত, লক্ষ্যচ্যুত হয়। জেপিএফের আত্মপ্রকাশকে সময়োপযোগী বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সেমিনারের সভাপতি সাখাওয়াত আলী খান বলেন, সাংবাদিকতার শান্তিবাদী ভূমিকা নিরূপণে এ প্রতিষ্ঠান যথাযোগ্য ভূমিকা রাখবে। ইংরেজি দৈনিক দি ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে সত্য ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশের সাংবাদিকতা কিছু প্রতিপক্ষের দ্বারা আক্রান্ত। কিছুতেই এ চক্র থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ ও শেখ আবদুস সালাম, বিডিনিউজটুয়েন্টিফোর ডট কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বক্তব্য রাখেন।