কেরানীগঞ্জে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন
তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের উদ্যোগে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস-সংযোগের প্রায় চার হাজার ফুট পাইপ অপসারণ ও পাঁচ শতাধিক পরিবারের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
গতকাল সকাল ১০টার দিকে তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তারা কেরানীগঞ্জের কুলচর এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করেন। সেখানে অবৈধ গ্যাস-সংযোগের তিন শ ফুট পাইপ অপসারণ করা হয়। এরপর ঘাটারচর ও শ্যামলাপুর এলাকায় অভিযান চালানো হয়। ঘাটারচর এলাকায় আক্তার বেকারির কারখানা, হান্নান মিয়ার বাড়ির গ্যাস-সংযোগ এবং ওই এলাকার অবৈধ গ্যাস-সংযোগের প্রায় ১৫০০ ফুট পাইপ অপসারণ করা হয়।
বেকারির মালিক আক্তার হোসেন বলেন, তাঁর বৈধ সংযোগ অবৈধ বলে কেটে দেওয়া হয়েছে। একই এলাকার বাসিন্দা সুলতান মিয়া বলেন, গ্যাসের সব কাগজপত্র দেখানোর পরও সংযোগটি কেটে দেওয়া হয়েছে।
তিতাস গ্যাসের মেট্রো বিক্রয় বিভাগ জোন-৫-এর ব্যবস্থাপক সাকির আহমেদ বলেন, কুলচর, ঘাটারচর, শ্যামলাপুর ও আটি এলাকার অবৈধ গ্যাস-সংযোগের প্রায় চার হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে।