কেরানীগঞ্জের শাক্তা ইউপি নির্বাচন আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শনিবার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। নির্বাচন উপলক্ষে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তাঁরা হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে কেরানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন লিটন, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক নিয়ে সাইফুল ইসলাম, দুজন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে লায়ন ইউসুফ হোসেন খান ও অপরজন চশমা প্রতীকের প্রার্থী জসিমউদ্দিন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ ইউনিয়নে মোট ভোটার ৪৫ হাজার ১৫০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ১২৫ জন, আর নারী ভোটার ২২ হাজার ২৫ জন। ভোটকেন্দ্র স্থাপিত হয়েছে ২৪টি ও বুথ রয়েছে ১২৫টি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, শাক্তা ইউপি নির্বাচনে গতকাল বৃহস্পতিবার থেকে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি নজরদারি করার জন্য দুটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় ভোটকেন্দ্র ও তার আশপাশের এলাকাগুলোতে র‌্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।