কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে গৃহবধূর 'আত্মহত্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মহত্যা
আত্মহত্যা

রাজধানীতে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে এক গৃহবধূর ‘আত্মহত্যা’র খবর পাওয়া গেছে। ওই গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন। রোববার রাত সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।

মারা যাওয়া গৃহবধূর নাম সার্বারি (২২)। তাঁর স্বামীর নাম করিম। তাঁরা মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের একটি বাসায় থাকতেন। সার্বারি গৃহকর্মীর কাজ করতেন। তাঁর স্বামী হোটেল কর্মচারী।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথমে আশঙ্কাজনক অবস্থায় সার্বারিকে ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সার্বারির ভাই সাব্বির হোসেন প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জের ধরে কয়েক দিন ধরে সার্বারিকে মারধর করতেন করিম—এমন কথা তিনি বোনের কাছ থেকে শুনেছিলেন। এ নিয়ে রোববারও তাঁদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে করিম সার্বারিকে বাসা থেকে বের করে দিতে চেয়েছিলেন। পরে করিম বেলা তিনটার দিকে কাজে চলে যান। এর পরপরই সার্বারি নিজের গায়ে কেরোসিন ঢালেন ও আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

বার্ন ইউনিটের মেডিকেল অফিসার ফারুক হোসেন বলেন, মেয়েটির শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু বলেন, ময়নাতদন্তের জন্য সার্বারির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।