কোথাও হাহাকার, কোথাও অপচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার অনেক এলাকায় পানির সংকট। আবার অনেক এলাকায় এভাবে পানি পড়তে থাকে। ছবিটি গতকাল দুপুরে হো​েসনি দালান রোড থেকে তোলা l আবদুস সালাম
ঢাকার অনেক এলাকায় পানির সংকট। আবার অনেক এলাকায় এভাবে পানি পড়তে থাকে। ছবিটি গতকাল দুপুরে হো​েসনি দালান রোড থেকে তোলা l আবদুস সালাম

অনেক এলাকায় পানির সংকট বা পানিতে দুর্গন্ধ থাকলেও পুরান ঢাকাসহ রাজধানীর কোনো কোনো এলাকায় পানির অপচয় হচ্ছে প্রচুর। রাস্তার ধারে ঢাকা ওয়াসার বসানো পানির কল অকেজো হয়ে অনর্গল পানিও পড়ছে।
গতকাল শুক্রবার দুপুরে নিমতলীর ছোট কাটরা এলাকায় ওয়াসার কল থেকে অনর্গল পানি পড়তে দেখা যায়। সেই পানিতে রাস্তা সয়লাব। অথচ খোঁজ নিয়ে জানা যায়, এলাকায় অনেক বাসাবাড়িতে নিয়মিত পানি থাকে না।
ওয়াসা সূত্র জানায়, পুরান ঢাকার হাজারীবাগ থেকে সদরঘাট হয়ে ফুলবাড়িয়া ও নবাবপুর রোড পর্যন্ত তাদের ৩৩২টি পানির কল রয়েছে। এ ছাড়া লক্ষ্মীবাজার, ফরাশগঞ্জ, শ্যামবাজার, সূত্রাপুর, মিলব্যারাকসহ আশপাশের এলাকায় আছে ২৭০টি কল। এসব কল থেকে গরিব লোকজন ছাড়াও এলাকার অনেক বাসিন্দা পানি নেন। মাঝেমধ্যে এসব কলের ছিপি চুরি হয়ে যায়। চাপকলের হাতলও চুরি যায়। তখন অবাধে পানি পড়তে থাকে এবং অপচয় হয়।
লক্ষ্মীবাজার এলাকার বাসিন্দা সুশীল ধর বলেন, তাঁদের এলাকায় একবার পানির কল অকেজো অবস্থায় ছিল প্রায় এক সপ্তাহ। এ সময়ে ওয়াসার কোনো কর্মীর চোখে তা পড়েনি। পরে স্থানীয় আঞ্চলিক কার্যালয়ে জানানোর তিন দিন পর কল ঠিক করা হয়। রাজার দেউরীর বাসিন্দা আবদুল হালিম প্রশ্ন করেন, বাসাবাড়ির পানির লাইন আর রাস্তার কলের লাইন কি আলাদা? কারণ, তাঁদের বাসায় মাঝেমধ্যেই পানি থাকে না। কিন্তু রাস্তার কলে সব সময় পানি থাকে। তবে মাঝেমধ্যে কল নষ্ট হয়ে যায়।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম বলেন, চোর সব জায়গাতেই থাকে। অপচয়ও হয়। তারপরও কারিগরি ত্রুটি ও অপচয় কমিয়ে আনার বিষয়ে ওয়াসা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগের তুলনায় অপচয় কমছে বলে তিনি দাবি করেন।
ওয়াসা সূত্র জানায়, অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডিতে পানির মিটারের বাইরে আলাদা অবৈধ সংযোগও কম নয়। এসব এলাকার অনেক বাড়িতেই দুই থেকে তিনটি গাড়ি থাকে। অবৈধ সংযোগের মাধ্যমে আসা ওয়াসার পানি দিয়ে গাড়ি ধোয়া, বাগানে পানি দেওয়া, কুকুরকে গোসল করানো হয়।