কোরবানির পশুর বর্জ্য রাত ১০টার মধ্য সরানো হবে : স্থানীয় সরকারমন্ত্রী
পবিত্র ঈদুল আজহার দিন রাত ১০টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে জাইকার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাওয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঈদের দিন সকালে পশু কোরবানির দেওয়া শুরু হবে। এরপর থেকেই পশুর বর্জ্য অপসারণ কাজ শুরু হবে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে সব জায়গা থেকেই বর্জ্য অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাত ১০টার পর কোথাও বর্জ্য থাকবে না বলে আশা করেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, কোরবানির পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনাসহ দেশবাসীকে শান্তিপূর্ণভাবে ঈদ উদ্যাপনের জন্য সার্বিক প্রস্তুতির বিষয়ে ইতিমধ্যে আন্তমন্ত্রণালয় সভা করা হয়েছে। সভায় প্রতিটি মন্ত্রণালয়ের যে দায়িত্ব সেটি পালনের জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তাজুল ইসলাম সব মানুষকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট এবং ঈদ উদ্যাপনের আহ্বান জানান। তিনি বলেন, স্বাস্থ্যবিধি অনুযায়ী পশুর হাট বসবে। হাটে ক্রয়–বিক্রয়ের জন্য যাঁরা আসবেন, তাঁদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। রাস্তার পাশে কোথাও হাট বসবে না।
বৈঠক প্রসঙ্গে মন্ত্রী তাজুল ইসলাম জানান, চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে মহেশখালীসহ অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ তৈরিতে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে জাইকা। মাতারবাড়িতে দুটি প্রকল্প প্রায় ছয় হাজার কোটি টাকার বেশি ব্যয়ে ২০২৫ সালের মধ্যে শেষ করার প্রস্তাবনা দিয়েছে তারা।