কোচিং বন্ধের বিরোধিতায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট
শিক্ষকদের কোচিং বন্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। তারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের আগে শিক্ষকদের প্রাইভেট-কোচিং বন্ধ না করার দাবি জানিয়েছে।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঐক্যজোট এই দাবি জানায়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া।লিখিত বক্তব্যে শিক্ষকদের কম বেতন পাওয়ার চিত্র তুলে ধরে বলা হয়, ‘এক দেশে দুই ধরনের নিয়ম থাকতে পারে না। যে দেশে চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিস করে লাখ লাখ টাকা আয় করেন, সে দেশে গরিব শিক্ষকদের প্রাইভেট-কোচিং নিষিদ্ধ হতে পারে না।’সংবাদ সম্মেলনে কোচিং বন্ধ নীতিমালা অনুযায়ী মহানগরে প্রতি বিষয়ে ৩০০ টাকার বিনিময়ে অতিরিক্ত ক্লাস নেওয়ার সমালোচনা করা হয়। এতে বলা হয়, এই সিদ্ধান্তে একজন ছাত্র সব বিষয় পড়লে তাকে তিন হাজার টাকা (১০টি বিষয় ধরে) দিতে হবে। একজন অভিভাবকের পক্ষে এটি অসম্ভব হয়ে দাঁড়াবে। বর্তমানে আরও অনেক কম টাকায় কোচিং করা যায়।নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং না করানোর সিদ্ধান্তেরও সমালোচনা করেছে সংগঠনটি। এ বিষয়ে বলা হয়, শিক্ষকেরা নিজের প্রতিষ্ঠানের ছাত্রদের যে দরদ দিয়ে পড়াবেন, অন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের দিয়ে সেটা আশা করা যায় না। কোচিং-বাণিজ্যকে আরও রমরমা করা এবং কোচিং ব্যবসায়ীদের আরও অনুপ্রাণিত করবে এই নীতিমালা। সরকারের উচিত হবে সব পর্যায়ে কোচিং বন্ধ করা। সংবাদ সম্মেলনে আবারও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে বলা হয়, ৩০ জুনের মধ্যে জাতীয়করণ না হলে কর্মবিরতি, অনশনসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হবে। এ সময় সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন।