কোথাও যানজট, কোথাও যানবাহনের অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথাও যানজট, কোথাও যানবাহনের অভাব—এই ছিল গতকাল বুধবার রাজধানী ঢাকার চিত্র। তীব্র গরমের সঙ্গে এই অনাহূত ঝামেলা নগরবাসীকে দুর্ভোগে ফেলে দিয়েছিল। ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে এবং সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশের কারণেই গতকাল নগরের পরিবহনব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। বিএনপির মহাসমাবেশ শুরু হওয়ার কথা ছিল দুপুর দুইটায়। কিন্তু সকাল থেকেই ঢাকার আশপাশের জেলা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদীসহ বিভিন্ন স্থান থেকে বাসভরে মানুষ সমাবেশস্থলে আসতে থাকে। এসব বাস নগরের ব্যস্ততম সড়কগুলোতে সমাবেশ শেষ হওয়া পর্যন্ত দাঁড়ানো ছিল। রমনা পার্কসংলগ্ন সড়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলসংলগ্ন সড়ক, মতিঝিল বাণিজ্যিক এলাকা, নয়াপল্টন বিএনপিদলীয় কার্যালয়ের সামনের সড়কে কয়েক শ বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দুপুর থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বাস ভাড়া করে মহাসমাবেশে মানুষ আসতে শুরু করে। সমাবেশমুখী যানবাহনের চাপ ও খণ্ড খণ্ড মিছিলের কারণে পল্টন, গুলিস্তান ও মতিঝিল এলাকায় যাত্রীবাহী সাধারণ বাস চলাচল কমে যায়। খানিক বিরতি দিয়ে একটা বাস এলে শত শত মানুষকে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে।দৈনিক বাংলার মোড়ে কথা হয় সরকারি একটি ব্যাংকের কর্মী ফারজানা বেগমের সঙ্গে। তিনি জানান, যানবাহন পাওয়া যাবে না বলে অফিস শেষ হওয়ার একটু আগেই বের হয়েছেন। কিন্তু আধা ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাচ্ছেন না। বাসের অভাবে রিকশার চাহিদা বেড়ে যায় এবং রিকশাচালকেরা বেশি ভাড়া হেঁকেছেন। কাকরাইল মোড়ে একজন ট্রাফিক পুলিশ জানান, অন্য দিনের তুলনায় গতকাল এ এলাকায় যানবাহন চলাচল কম ছিল। এ কারণে যানজটও ছিল কম। গাজীপুরের জুতা ব্যবসায়ী আজহার উদ্দিন বলেন, তিনি ফুলবাড়িয়া পাইকারি বাজার থেকে জুতা কিনতে এসেছিলেন। কিন্তু যানজটের কারণে সাতরাস্তা থেকেই বাস ঘুরিয়ে ফেলেন চালক। রিকশায় কাকরাইল পর্যন্ত এসে তারপর হাঁটা শুরু করেন। চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসমাবেশের ভিড় এড়ানোর জন্য অধিকাংশ যাত্রীবাহী বাস মহাখালী, শাহবাগ, কমলাপুর, আজিমপুর, মৌচাক পর্যন্ত এসে ফিরে গেছেন। বাস ঘোরানোর কারণে এসব এলাকায় তীব্র যানজট হয়। সরেজমিনে মগবাজার, মালিবাগ, মৌচাক ও খিলগাঁও ঘুরে ভয়াবহ যানজট দেখা গেছে। সন্ধ্যায় বিএনপির মহাসমাবেশ শেষ হওয়ার পর ঘরমুখো মানুষ আরেক দফা যানবাহনের সংকটে পড়ে। এ সময় শাহবাগ, প্রেসক্লাব, পল্টন এলাকায় শত শত লোকজনকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। সমাবেশ শেষ হওয়ার পর মতিঝিল ও গুলিস্তানমুখী যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় ফার্মগেট, কারওয়ান বাজার, মগবাজার, শাহবাগ, পল্টন মোড়, প্রেসক্লাব ও সায়েন্স ল্যাবরেটরি এলাকায় যানজট হয়। রাত অবধি এসব এলাকায় যানজট দেখা গেছে।