কোনো ধরনের অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করেছে বিজিএমইএ
নকশা ও ভবন নির্মাণের অনুমোদন ছাড়াই তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বেগুনবাড়ি খাল এলাকায় তাদের ভবন নির্মাণ করেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতকাল মঙ্গলবার হাইকোর্টে দেওয়া হলফনামায় এ কথা জানায়। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ-সংক্রান্ত রুলের ওপর শুনানি চলছে।গতকাল রাজউকের পক্ষে আদালতে বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম। তিনি বলেন, বিজিএমইএর দাখিল করা নকশা অনুযায়ী ভবনটি নির্মিত হয়নি। এটা ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৬-এর লঙ্ঘন।হলফনামায় রাজউক বলেছে, ভবন নির্মাণ শুরু করার পরই কেবল বিজিএমইএ কর্তৃপক্ষ একটি নকশা রাজউকে দাখিল করে। তবে রাজউক ওই নকশা অনুমোদন করেনি।ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম বলেন, নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় রাজউক বিজিএমইএকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানাও করে। এ ছাড়া যেখানে ভবনটি নির্মিত হয়েছে, সেই জমি বাংলাদেশ রেলওয়ে অধিগ্রহণ করেছিল। পরবর্তী সময়ে সেই জমি রপ্তানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) হস্তান্তর করা হয়। এ নিয়ে ইপিবি ও বিজিএমইএ কর্তৃপক্ষের মধ্যে একটা হস্তান্তরের চুক্তি হয়।শুনানিকালে আদালত প্রশ্ন তুলে বলেন, ‘তাহলে জমি কার? বিজিএমইএ কীভাবে জমি পেল? মনে হচ্ছে জবরদখল করে আছে। তাহলে তো বিজিএমইএ কর্তৃপক্ষ পাবলিক সম্পত্তি দখল করেছে। সাড়ে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে বলেই কি ভবন হালাল হয়ে যাবে?’একপর্যায়ে আদালত বিজিএমইএ ভবনের জমির প্রকৃত মালিক এবং কীভাবে তারা জমি পেল, সে-সংক্রান্ত কাগজপত্র দাখিল করতে রাষ্ট্রপক্ষকে বলেন।গত বছরের ২ অক্টোবর রাজউকের অনুমোদন ছাড়া বিজিএমইএ ভবন নির্মাণ করা হয়েছে—এ মর্মে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডি এইচ এম মনিরউদ্দিন। এর পরিপ্রেক্ষিতে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। এর ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি আদালত চূড়ান্ত শুনানির জন্য ১০ জন অ্যামিকাস কিউরির নাম ঘোষণা করেন।আদালতে অ্যামিকাস কিউরি হিসেবে গতকাল মুনসুরুল হক চৌধুরী, ফিদা এম কামাল, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ইকবাল কবির ও মনজিল মোরসেদ শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। অ্যামিকাস কিউরিরা বলেন, নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ভবনের কোনো অনুমোদিত নকশা নেই। জলাধারের মধ্যে ভবন নির্মাণ করায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। তাই এ ক্ষেত্রে দ্রুত আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া সমীচীন।বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ভবনটি ভাঙার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। সর্বশেষ ২০০৯ সালের ১৭ মার্চ রাজউক ভবনের সামনের টিনশেড স্থাপনা ভেঙে দেয়। তারপর আর কিছু করা হয়নি।