কোনো নিয়মই মানছেন না অটোরিকশার চালকেরা
ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ হওয়ার পর আবারও সিএনজিচালিত অটোরিকশার চালকদের দৌরাত্ম্য বেড়ে গেছে। আগের মতোই তাঁরা যাত্রীদের জিম্মি করে চুক্তিতে যেতে বাধ্য করছেন। কিছু চালক মিটারে গেলেও অতিরিক্ত ২০-৩০ টাকা দাবি করছেন।জানা গেছে, গত মঙ্গলবার থেকে ভ্রাম্যমাণ আদালত বন্ধ আছে। অটোরিকশার নতুন ভাড়ার হার কার্যকর হওয়ার পর থেকে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিল।গতকাল বুধবার দুপুরে আসাদগেটের কাছে আড়ংয়ের সামনে থেকে একটি অটোরিকশায় (ঢাকা মেট্রো-থ-১৪-২৩৪৫) চুক্তিতে যাত্রী বহন করতে দেখা গেছে। আসাদ উল্লাহ নামের এক ব্যক্তি কাকরাইলে যাওয়ার কথা বললে চালক রাজি হননি। পরে তিনি বাধ্য হয়ে ১৫০ টাকার চুক্তিতে যান। আসাদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘মিটারে যাওয়া তো পরের কথা, কোনো অটোরিকশার চালক কাকরাইল যেতেই রাজি হচ্ছিল না। তাই বাধ্য হয়ে চুক্তিতে অটোরিকশা ভাড়া করতে হয়েছে।’ তবে চালক মো. হাসান দাবি করেন, সকাল থেকে মিটারে যাত্রী বহন করেন তিনি। দুপুরে খেতে যাচ্ছিলেন। এ সময় যাত্রী অনুরোধ করায় তিনি যাচ্ছেন। আরেকটি অটোরিকশার (ঢাকা মেট্রো থ-১২-৭৩৭৪) চালক উত্তরা থেকে মুগদা যেতে যাত্রীর কাছে মিটারের চেয়ে অতিরিক্ত ৩০ টাকা দাবি করেন। বসুন্ধরা সিটির সামনে আতিকুল ইসলাম নামের এক যাত্রী জানান, অভিযোগ জানানোর জন্য অটোরিকশার গায়ে যে ফোন নম্বর দেওয়া আছে, সেগুলো বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। ফলে অভিযোগও জানাতে পারছেন না। বিআরটিএর একটি সূত্র জানায়, কাল শুক্রবার থেকে বিশ্বকাপ উপলক্ষে রংচটা গাড়ির বিরুদ্ধে অভিযান চালানোর কথা। কিন্তু শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় এ দুদিন অভিযান না-ও হতে পারে। সেক্ষেত্রে আগামী রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত চলবে। ওই অভিযানে রংচটা গাড়ির পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গত ১৬ জানুয়ারি থেকে অটোরিকশার বাড়তি ভাড়া কার্যকর হয়। ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি মিটারে যাত্রী বহন না করা হলে, মিটারে কারসাজি থাকলে এবং যেকোনো গন্তব্যে যেতে না চাইলে চালকের লাইসেন্স ও সংশ্লিষ্ট অটোরিকশার চলাচলের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে চালক-মালিক প্রতিনিধি, পুলিশ প্রতিনিধি ও বিআরটিএর কর্মকর্তাদের নিয়ে চারপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এখনো কোনো অটোরিকশার চালকের লাইসেন্স ও চলাচলের অনুমোদন বাতিল করেনি বিআরটিএ।