‘কোনোরকমে’ চলছে সেবা

চিকিৎসাকেন্দ্রের জন্য বাজেটও কমিয়েছে প্রশাসন। ১ কোটির জায়গায় এবারের বরাদ্দ ৬০ লাখ। সেবার মান বাড়াতে অনশনে বসেছেন এক শিক্ষার্থী।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোগী না থাকায় ফাঁকা পড়ে আছে শয্যা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে
ছবি: প্রথম আলো

শতবর্ষে পা দিতে চলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা চিকিৎসাকেন্দ্র এখনো আছে নানা সংকটে। ‘সব রোগের ওষুধ প্যারাসিটামল’—শিক্ষার্থীদের মধ্যে প্রচলিত এমন ধারণা এত দিনেও বদলায়নি; বরং দিন দিন সংকট আরও বাড়ছে যন্ত্রপাতি ও কাঙ্ক্ষিত সেবার ক্ষেত্রে। আধুনিকায়নে অনশনে বসেছেন এক শিক্ষার্থী।

কেন্দ্রটির প্রধান চিকিৎসা কর্মকর্তাই বলেন ‘কোনো রকমে’ চলছে কার্যক্রম। সরেজমিন চিকিৎসক, লোকবল ও যন্ত্রপাতির সংকটের কথা জানা গেছে। নিরাপত্তার অভাবে চুরি হয়ে যায় বিভিন্ন সরঞ্জাম। শৌচাগার অপরিচ্ছন্ন, শয্যাগুলোতে নেই মশারির ব্যবস্থা। শিক্ষার্থীরা জানান, এখানে ভর্তি হলে দেখা মেলে না চিকিৎসক বা পরিচর্যাকারীর। কোনো পরীক্ষা করালে ফল পাওয়া যায় এক দিন পরে।

প্রথমবারের মতো প্রণীত মহাপরিকল্পনার আওতায় চিকিৎসাকেন্দ্রের জায়গায় অত্যাধুনিক হাসপাতাল হলে যাবতীয় সংকটের সমাধান হবে।
মুহাম্মদ সামাদ, সহ–উপাচার্য (প্রশাসন), ঢাকা বিশ্ববিদ্যালয়

কেন্দ্রের কর্মকর্তারা বলেন, সংকট প্রতিনিয়ত বাড়লেও অবস্থার উন্নয়নে তেমন আগ্রহ নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। গত কয়েক অর্থবছরে চিকিৎসাকেন্দ্রের জন্য প্রশাসন এক কোটি টাকার বাজেট রেখেছে। তবে সব৴শেষ অর্থবছরে তা কমে ৬০ লাখ করা হয়েছে। এই অর্থের এক-তৃতীয়াংশ ব্যয় হয় ওষুধ কিনতে। ফলে অন্য ক্ষেত্রের সংকট থেকেই যাচ্ছে।

২২ শয্যার এই চিকিৎসাকেন্দ্রে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা সেবা নেন। বিপরীতে কেন্দ্রটিতে ২৯ জন পূর্ণকালীন ও ৬ জন খণ্ডকালীন চিকিৎসক আছেন। তাঁদের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন ছয়জন। তাঁদের মধ্যে দুজন দন্ত, একজন করে চোখ, হার্ট, সনোলজিস্ট ও নাক-কান-গলা বিশেষজ্ঞ। তবে সব চিকিৎসক সব সময় দায়িত্বে থাকেন না। নিয়মিত দায়িত্বে থাকেন ১৯-২০ জন।

চিকিৎসকের বাইরে এই কেন্দ্রে আছেন ১৪ জন টেকনিক্যাল অফিসার, ২ জন জন ফিজিওথেরাপিস্ট, ২ জন স্টোর অফিসার, ১ জন ফার্মাসিউটিক্যাল অফিসার ও ১ জন কর্মচারী। তিনটি অ্যাম্বুলেন্স থাকলেও দিনে দুজন আর রাতে একজন চালক দায়িত্বে থাকেন।

সাধারণত ঢাকা মেডিকেল কলেজ বা অন্য কোনো হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আসা শিক্ষার্থীরা এখানে ‘বিশ্রাম’ নেন। করোনা, জলবসন্ত, ডেঙ্গু রোগে আক্রান্ত শিক্ষার্থীদের কেউ কেউ এখানে আইসোলেশনে থাকতে যান। এ ছাড়া, কোনো দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরাও সেবা নিতে আসেন।

এই চিকিৎসাকেন্দ্রে বিভিন্ন সময়ে সেবা নেওয়া একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, সাধারণ কিছু পরীক্ষা ছাড়া বেশির ভাগ পরীক্ষাই বাইরে থেকে করাতে হয়। যেকোনো সমস্যা নিয়ে গেলে প্যারাসিটামল–জাতীয় ওষুধ আর স্যালাইন ধরিয়ে দেওয়া হয়।

প্রধান চিকিৎসা কর্মকর্তা হাফেজা জামানও সংকটের কথা স্বীকার করে বলেন, ‘কোনো রকমে’ চিকিৎসাকেন্দ্রটি চালিয়ে নিচ্ছেন। গত রোববার তিনি প্রথম আলোকে বলেন, সব যন্ত্রপাতি এখানে না থাকলেও প্রয়োজনীয় বেশির ভাগ পরীক্ষাই এখানে করা হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের ওষুধ দেওয়া হয়। আরও বেশি চিকিৎসক হলে সেবাও আরও ভালো দেওয়া সম্ভব।

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারিতে দেশের একজন প্রখ্যাত শিল্পপতি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চারতলার একটি অত্যাধুনিক সুবিধাসংবলিত চিকিৎসাকেন্দ্র করে দেওয়ার প্রস্তাব দেন। তবে সে ক্ষেত্রে চিকিৎসাকেন্দ্রটির নাম নিজের নামে করার শর্ত দেন তিনি। একই বছরের ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এক চিঠিতে ওই শিল্পপতিকে জানান, তাঁর প্রস্তাব সিন্ডিকেট গ্রহণ করেছে। তবে শিক্ষকদের একটি অংশের বিরোধিতার মুখে সিন্ডিকেটের পরবর্তী সভায় প্রস্তাবটি নাকচ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ বলেন, প্রথমবারের মতো প্রণীত মহাপরিকল্পনার আওতায় চিকিৎসাকেন্দ্রের জায়গায় অত্যাধুনিক হাসপাতাল হলে যাবতীয় সংকটের সমাধান হবে। তাঁর চাওয়া, মহাপরিকল্পনার প্রথম পর্যায়ে যেন বিষয়টিকে রাখা হয়।

আধুনিকায়নের দাবিতে অনশন

চিকিৎসাকেন্দ্রটির আধুনিকায়নে ছয় দফা দাবিতে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন হাওলাদার। গত শনিবার দুপুরে চিকিৎসাকেন্দ্রের তৃতীয় তলার ডেঙ্গু ইউনিটে তিনি এই অনশন শুরু করেন।

গত সোমবার মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি অনশন পালন করবেন। তাঁর কিছু হয়ে গেলে লাশ নিয়েও যেন সবাই আন্দোলন চালিয়ে যান।