কোমর থেকে গোড়ালি পর্যন্ত ছিল আঘাতের চিহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবরার ফাহাদ
ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আজ বৃহস্পতিবার আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ২৮ অক্টোবর এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।

আজ সাক্ষ্য দিয়েছেন পুলিশ কনস্টেবল শহিদুল ইসলাম এবং পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) রুহুল আমিন।

পুলিশ কনস্টেবল শহিদুল ইসলাম আদালতকে বলেন, গত বছরের ৭ অক্টোবর রাতে তিনি চকবাজার থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের সঙ্গে বুয়েটের শেরেবাংলা হলে যান। সেখানকার সিঁড়িতে বুয়েট ছাত্র আবরার ফাহাদের লাশ দেখতে পান। আবরারের কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত আঘাতের চিহ্ন ছিল। হাতেও আঘাতের চিহ্ন ছিল। পরে বুয়েট থেকে আবরার ফাহাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এসআই রুহুল আমিন আদালতকে বলেন, আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার আসামি মেহেদী হাসান রবিনের কাছ থেকে একটি ফোন উদ্ধার করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করছেন বিশেষ সরকারি কৌঁসুলি এহসানুল হক সমাজী, আবু আবদুল্লাহ ভূঁইয়া।

গত বছরের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ মামলায় গত বছরের ১৩ নভেম্বর বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ২১ জানুয়ারি অভিযোগপত্রটি আমলে নেন আদালত। তিন আসামি পলাতক। গত ২ সেপ্টেম্বর ২৫ ছাত্রের বিরুদ্ধেই অভিযোগ গঠন করেন আদালত

অভিযোগপত্রে বলা হয়, পরস্পর যোগসাজশে ও সহায়তায় শিবির সন্দেহে আবরারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।