কোম্পানিকে পক্ষ না করায় চেক প্রতারণার অভিযোগ থেকে দুজন খালাস
কোম্পানিকে পক্ষ না করায় ৩৫ লাখ টাকার চেক প্রতারণার মামলায় দুজনকে বেকসুর খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত। ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী গত ১৪ ফেব্রুয়ারি এই রায় দেন।খালাসপ্রাপ্তরা হলেন এস কো স্টিল লিমিটেডের চেয়ারম্যান মো. সিরাজুল হক ও ব্যবস্থাপনা পরিচালক সুরাইয়া আলম। কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চেকে সই করেন সিরাজুল হক ও তাঁর স্ত্রী সুরাইয়া আলম। কিন্তু কোম্পানিকে পক্ষ না করায় আদালত তাঁদের বেকসুর খালাস দেন। রায়ে বলা হয়, এস কো স্টিল লিমিটেডের পক্ষে চেয়ারম্যান মো. সিরাজুল হক ও ব্যবস্থাপনা পরিচালক সুরাইয়া আলম ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি যমুনা ব্যাংকের দিলকুশা শাখা থেকে ০৬৪৪৬৯৪ নম্বর চেকে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডকে ৩৫ লাখ টাকার চেক দেন। অ্যাপোলো ইস্পাত থেকে টিন কেনা বাবদ এস কো স্টিল থেকে ওই চেক দেওয়া হয়েছিল। অ্যাপোলো ইস্পাত লিমিটেড এস কো স্টিল লিমিটেডের দেওয়া চেক নগদায়নের জন্য ব্যাংকে জমা করে। কিন্তু এস কো স্টিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের ব্যাংক হিসাবে অপর্যাপ্ত টাকা থাকায় চেক প্রত্যাখ্যাত হয়। আদালত রায়ে উল্লেখ করেন, এস কো স্টিল লিমিটেডকে এই মামলায় আসামি শ্রেণীভুক্ত করা এবং এ কোম্পানির বরাবরে আইনগত নোটিশ দেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু এস কো স্টিল লিমিটেডকে আসামি শ্রেণীভুক্ত না করে শুধু চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা চলতে পারে না। তাই আসামি দুজনকে মামলার দায় থেকে বেকসুর খালাস দেন। বাদী মো. আবদুল ওয়াহেদ বলেন, এস কো স্টিল লিমিটেডের চেয়ারম্যান সিরাজুল হক ও ব্যবস্থাপনা পরিচালক সুরাইয়া বেগম তাঁদের পাওনা পরিশোধ করার জন্য ৩৫ লাখ টাকার চেক দেন। বিষয়টি প্রমাণিত হওয়ার পরও শুধু কোম্পানিকে আসামি না করায় চেক প্রতারণার দায় থেকে আসামিদের খালাস দিয়েছেন আদালত। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তিনি।