কোম্পানিগুলো শিশুখাদ্য আইন মানছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুকের দুধ ও পরিপূরক খাদ্য নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে বিশেষজ্ঞরা অভিযোগ করলেন বিকল্প শিশুখাদ্য বাজারজাত বিষয়ে জাতীয় আইন ও আন্তর্জাতিক নীতিমালা মানছে না কোম্পানিগুলো। পেশাজীবীদের একটি অংশ তাদের প্রলোভনের ফাঁদে পড়ছেন।গতকাল রোববার ছিল দুই বছরের কম বয়সী শিশুদের বুকের দুধ ও পরিপূরক খাদ্য নিয়ে তিন দিনের এ সম্মেলনের দ্বিতীয় দিন। সম্মেলনের বিভিন্ন অধিবেশনের আলোচক বিশেষজ্ঞরা এ-সংক্রান্ত আইনের দুর্বলতা ও সীমাবদ্ধতাসহ বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। প্রথম অধিবেশনে মূল উপস্থাপনায় শিশু পুষ্টিবিদ এম কিউ কে তালুকদার বলেন, আইন ভাঙার অভিযোগে শিশুখাদ্য প্রস্তুতকারী তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিটি মামলায় ব্যবসায়ী প্রতিষ্ঠান হেরেছে। কিন্তু শাস্তির বিধান কম থাকায় তারা আইন লঙ্ঘন চালিয়ে যাচ্ছে।একাধিক অধিবেশনে আলোচকেরা বাংলাদেশে ১৯৮৪ সালে অধ্যাদেশের মাধ্যমে জারি করা বিকল্প শিশুখাদ্য বাজারজাত আইন নিয়ে কথা বলেন। তাঁরা বলেন, ওই আইনটি দুর্বল। আন্তর্জাতিক নীতিমালার মানদণ্ডে দ্বিতীয় শ্রেণীর।নীতিমালাবিষয়ক উপস্থাপনায় সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি এস কে রায় উল্লেখ করেন, আন্তর্জাতিক নীতিমালায় বলা হয়েছে, কোনো দেশের শিশুখাদ্যবিষয়ক আইন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালার চেয়ে দুর্বল হতে পারবে না। ভারতের প্রতিনিধি সে দেশের চিত্র তুলে ধরে বলেন, ভারতে শিশুখাদ্যবিষয়ক আইন ফৌজদারি আইন। কোনো চিকিৎসক এই আইন ভাঙলে তাঁর কারাদণ্ড এবং নিবন্ধন বাতিল হয়। প্রসূতিবিদ হোসনে আরা বেগম বলেন, চিকিৎসক ও নার্সদের মধ্যেও অনেকে এই আইন সম্পর্কে জানেনই না। বিকল্প শিশুখাদ্য বাজারজাত করার আইন সংশোধন করে একটি খসড়া তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেন বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের সচিব সুফিয়া খাতুন। তিনি জানান, এতে মানুষকে তথ্য জানানো, পরিপূরক খাবার এবং স্বার্থের দ্বন্দ্বের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি মেজবাহ উদ্দীন আগস্ট মাসে ‘মাতৃদুগ্ধ সপ্তাহ’ শুরু হওয়ার আগেই আইনটি পাস করার জন্য সবাইকে সচেষ্ট হতে আহ্বান জানান।সকালের অধিবেশনে ‘স্বার্থের দ্বন্দ্ব’ বিষয়ে মূল উপস্থাপনায় ফিলিপাইনের ইনেস মা ফার্নান্দেজ বলেন, কোম্পানিগুলো সরাসরি ঘুষ, শিক্ষা ও গবেষণায় সহায়তা এবং বিদেশে সেমিনারে যোগ দেওয়ার সুযোগসহ নানাভাবে চিকিৎসক ও পেশাজীবীদের হাত করে।