কোরবানির ঈদে এবার রাজধানীতে বসছে ১২টি অস্থায়ী পশুর হাট। গতকাল সোমবার অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। তবে দুটি হাটের কোনো দরপত্র জমা পড়েনি।ডিসিসি সূত্রে জানা গেছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই গতকাল সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে দরপত্র জমা দেওয়া শেষ হয়। দুপুর আড়াইটার দিকে দরপত্র উন্মুক্ত করার কথা থাকলেও শেষ পর্যন্ত বাক্স খোলা হয় বেলা সাড়ে তিনটায়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও নগর ভবন ছাড়াও সিটি করপোরেশনের ১০টি আঞ্চলিক কার্যালয়ে দরপত্র ফেলা হয়। ১২টি অস্থায়ী হাটের মধ্যে এ বছরও সর্বোচ্চ দর উঠেছে আরমানিটোলা খেলার মাঠের। এ বছর এই মাঠের দর উঠেছে দুই কোটি ২০ লাখ টাকা। হাটের ইজারা পেয়েছেন আবুল হাসনাত।এ বছর অস্থায়ী পশুর অন্যান্য হাটের সর্বোচ্চ দরদাতা হলেন ঝিগাতলা হাজারীবাগ মাঠ ১১ লাখ এক হাজার ১১১ টাকা, তালতলা বাসস্ট্যান্ডসংলগ্ন খালি জায়গা ৯৩ লাখ ৫৭ হাজার ৪০০ টাকা, আগারগাঁও বস্তির খালি জায়গা ৫৩ লাখ ৩১ হাজার টাকা, রহমতগঞ্জ খেলার মাঠ পাঁচ লাখ ৩৫ হাজার টাকা, উত্তর শাহজাহানপুর ও খিলগাঁও রেলওয়ে বাজার পাঁচ লাখ ১৫ হাজার টাকা, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ৩১ লাখ ১০ হাজার টাকা, ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠ ২৪ লাখ ১২ হাজার টাকা, মেরাদিয়া বাজার নয় লাখ ১৫ হাজার টাকা এবং বনানী-কাকলী রেলওয়ের খালি জায়গা আট লাখ ৫০ হাজার টাকা। গত বছর খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গার জন্য ৭৭ লাখ ৭৭ হাজার ৭৭৭ টাকা সর্বোচ্চ দর উঠলেও এ বছর কোনো দরপত্র জমা পড়েনি। এ ছাড়া পূর্বাচলের পরিত্যক্ত জায়গায় কোনো দরপত্র জমা পড়েনি। স্থানীয় লোকের চাপ ও ঈদের জামাতের কারণে এবার ইজারা দেওয়া হয়নি ধূপখোলা খেলার মাঠ।ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী খলিল আহমেদ প্রথম আলোকে বলেন, ১২টি হাটের জন্য প্রায় ৭০০ দরপত্র ছাড়া হয়। এর মধ্যে ৪৪টি দরপত্র জমা পড়ে। যে দুটি স্থানে কোনো দরপত্র জমা পড়েনি, সেখানে পুনঃ দরপত্র অনুষ্ঠিত হবে। কেউ রাস্তা দখল করে হাট বসালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাটের ইজারা উপলক্ষে গতকাল সকাল থেকে নগর ভবনে ছিল কঠোর নিরাপত্তা। সকাল থেকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। দরপত্র ফেলার জন্য একজনকে ভেতরে ঢোকার অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও গণমাধ্যমের কর্মী ছাড়া দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। দুপুর সাড়ে ১২টার এক মিনিট পর আরমানিটোলা মাঠের দরপত্র ফেলতে হাজি আরমানসহ আরও কয়েকজন নগর ভবনে ঢোকেন। তাঁরা ম্যাজিস্ট্রেটকে দরপত্র ফেলতে অনুরোধ করেন। কিন্তু তাঁকে দরপত্র ফেলতে দেওয়া হয়নি। তবে দরপত্র খোলার পর হাজি আরমানের নাম ডাকতে দেখা যায়। এ নিয়ে এক সাংবাদিক প্রশ্ন তুললে হইচই শুরু হয়।তবে দুপুরের পর ইজারাদারের পক্ষে অনেক লোক ঢুকে পড়েন। নগর ভবনের সামনে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল দেখা যায়। এসব লোক দরপত্র না খোলা পর্যন্ত নগর ভবনে মহড়া দেয়। দরপত্র খোলা ও ঘোষণার পর মানুষের ভিড় কমতে থাকে।