কোরবানির পশু কেনায় উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার বেলা একটা। রাজধানীর গাবতলীতে প্রধান সড়ক ধরে মাঝারি আকারের একটি গরু নিয়ে বীরদর্পে হেঁটে যাচ্ছে এক শিশু। সঙ্গে বাবা ও আরও কয়েকজন। গরুর গলায় বাঁধা দুটি রশির একটি শিশুটির হাতে। মুখে তার বিশ্বজয়ের হাসি।নাম জানতে চাইলে গরু কেনার আনন্দ-উত্তেজনায় শিশুটির প্রথম জবাব, ‘৩৭ হাজার টাকা গরুর দাম।’ জানাল, বাবার সঙ্গে এক ঘণ্টা ঘুরে গাবতলী পশুর হাট থেকে কোরবানির জন্য গরুটি কিনেছে সে। আবার নাম জানতে চাইলে জানাল, তার নাম নুরুজ্জামান। রায়েরবাজার শাপলা একাডেমিতে তৃতীয় শ্রেণীতে পড়ে।দুপুরেই বাবা ও ভাইদের সঙ্গে গাবতলীর পশুর হাটে ঢুকছিল মিরপুরের চেতনা মডেল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র আশিকুর রহমান। পছন্দ করে গরু কিনতে তারও ব্যাপক উৎসাহ। আশিক জানাল, মিরপুরে তাদের বাসার আশপাশে কিছু গরু দেখেছে, পছন্দ হয়নি। তাই সবার সঙ্গে গাবতলীতে এসেছে। গরু না কিনে বাড়ি ফিরবে না।গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত গাবতলীর হাটে ঘুরে দেখা গেছে, উৎসবের আমেজ। ক্রেতারা ব্যাপক উৎসাহ নিয়ে পশু কিনছেন। প্রবেশপথে পুলিশ-র‌্যাবের পাহারা। একটু পরপর মাইকে ভেসে আসছে নানান মজার ঘোষণা।ধানমন্ডির বাসিন্দা ব্যবসায়ী এস এম সাদউল্লাহ ৬৫ হাজার টাকা দিয়ে একটি গরু কিনলেন। দাম মেটালেন আনন্দ নিয়ে। তাঁর কাছে গরুটি বিক্রি করা মানিকগঞ্জের আবদুস সালাম বললেন, ‘দাম মোটামুটি পেয়েছেন। এবার গরুর সরবরাহ বেশি থাকায় গতবারের মতো দাম চড়া নয়।’৭৩ হাজার টাকায় বড় গরু কিনেছে আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেণীর ছাত্র সাখাওয়াত হোসেন ও তার বাবা। থাকে মিরপুরে। গরুটির বিক্রেতা সিরাজগঞ্জের ফারুক শিকদারও জানালেন, এবার দাম চড়া নয়।বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির ছাত্র সাজ্জাদ হোসেনও বড় গরু কিনেছেন। তাঁর সঙ্গে আছে চার বছরের ভাগনে মনিপুর স্কুলের ছাত্র বাতিন আহমেদ, নানা ইসমাইল হোসেন। তাঁরা জানালেন, গরু কেনার আনন্দ অন্য রকম।গাবতলীর হাটে গরুর পাশাপাশি ছাগল, দুম্বা, উটও বিক্রি হচ্ছে। মানিকগঞ্জের সিঙ্গাইরের শুকুর উদ্দিন দুটি ছাগল বিক্রি করতে এসেছেন। জানালেন, তিন বছর ধরে লালনপালন করা ছাগল দুটি বিক্রি করতে চান ২০ হাজার টাকায়। অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত ক্রেতার।হঠাৎ দেখা গেল, সড়কের দিকে ছুটছে একটি গরু। পিছু পিছু কয়েকজন। চারপাশে হইচই। কিছুক্ষণ পর রশি ধরে বাগে আনা হলো গরুটিকে। স্বস্তির নিঃশ্বাস সবার মধ্যে। কখনো কখনো এমন বিপত্তি গরু কেনার আনন্দে তেমন ছাপ ফেলছে না। জমজমাট হাটে ছিল উৎসবের আবহ।গাবতলী হাটে গতকালও দেশের নানা প্রান্ত থেকে গরু-ছাগল এসেছে। ক্রেতারাও গরু-ছাগল কিনে রাস্তা পেরিয়ে বা মূল সড়ক দিয়েই বাড়ি ফিরেছেন। ফলে গাবতলী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাস এবং গাবতলীতে ঢোকার আগে বাসগুলো বারবার আটকা পড়েছে। সৃষ্টি হয়েছে যানজটের। তবে এ নিয়ে আক্ষেপ ছিল কম। বরং বাস বা গাড়ির জানালা দিয়ে মাথা বের করে অনেক যাত্রীই জানতে চেয়েছেন গরুর দাম।গাবতলী পশুর হাটে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা শেখ রাহাত হোসেন জানান, হাটের ভেতরে ও বাইরে পুলিশ রয়েছে। পর্যবেক্ষণ টাওয়ার থেকে নজর রাখা হচ্ছে।আগারগাঁও, তালতলা, তেজগাঁও, আরমানিটোলা মাঠ ও শনির আখড়াসহ বিভিন্ন পশুর হাটে গিয়েও দেখা গেছে, কোরবানির পশু কেনা নিয়ে উৎসবের আমেজ। বিক্রেতারা জানালেন, বড় বা ছোট নয়, মাঝারি আকারের গরুর দিকেই ক্রেতাদের ঝোঁক বেশি। এ ধরনের গরু হাট ভেদে ৪৫ হাজার থেকে ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর চেয়ে সামান্য বড় গরু ৬০ থেকে ৮৫ হাজার টাকায় বিক্রি হয়।ঢাকার দুটি সিটি করপোরেশনের নির্ধারিত পশুর হাট ছাড়াও মোহাম্মদপুর, আজিমপুর, মিরপুর, গুলশান, যাত্রাবাড়ী, ওয়ারী, বাসাবোসহ বিভিন্ন এলাকার অলি-গলিতেও গরু-ছাগল কেনাবেচা হয়েছে। হাটে না গিয়ে অনেকে এখান থেকেও গরু কিনেছেন। বিশেষ করে, মোহাম্মদপুর হাউজিং লিমিটেড ও হাউজিং সোসাইটি—এই দুই আবাসিক এলাকার মাঝখানের মূল সড়কের পুরোটাই যেন গরুর হাট!রাজধানীর প্রধান সড়ক, বিভিন্ন সড়কে চোখে পড়ে গরু নিয়ে হেঁটে বা ট্রাকে করে বাড়ি ফেরার দৃশ্য। বিভিন্ন পাড়া-মহল্লা, অলি-গলি ও বাসার সামনে বাঁধা গরু বা ছাগল। এগুলো ঘিরে শিশু-কিশোরদের জটলা। গরু বা ছাগলকে খাওয়ানোর ব্যস্ততা। কেউ কেউ পরম মমতায় কোরবানির জন্য কেনা পশুর গায়ে-মাথায় হাত বোলাচ্ছেন। অনেকে ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন। পবিত্র ঈদুল আজহায় পশুটিকে কোরবানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এমনই চলবে।