কোরবানির পশুর হাট ও বর্জ্য ফেলার জায়গা নির্দিষ্ট করার দাবি
ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের জায়গাগুলো সুনির্দিষ্ট করতে হবে। জনদুর্ভোগ এড়াতে যেখানে-সেখানে পশুর হাট বসানো ও বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। এ ব্যাপারে জনসচেতনতা বাড়াতে হবে। নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে।গতকাল শনিবার পুরানা পল্টনের মুক্তি ভবন মিলনায়তনে ‘যেখানে সেখানে কোরবানির পশুর হাট নয়; নির্ধারিত স্থানে পশুর হাটের ব্যবস্থা করুন; খেলার মাঠ, পার্ক ও রাস্তাগুলো হাটমুক্ত রাখুন’ শীর্ষক এক নাগরিক সংলাপে বক্তারা এই অভিমত দেন।এ ব্যাপারে জনপ্রতিনিধি, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এই সংলাপের আয়োজন করে।সংলাপে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাপার সহসভাপতি এ এস এম শাহজাহান বলেন, ঈদের আনন্দ যাতে সবাই উপভোগ করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। একজনের আনন্দ যাতে অন্যের কষ্টের কারণ না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।সাংবাদিক-কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, যেকোনো সমস্যার স্বল্প ও দীর্ঘমেয়াদি সমাধান আছে। ঈদ সামনে রেখে তাৎক্ষণিক কী করা যায়, তা দেখতে হবে। অবস্থা পরিবর্তনে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন। নাগরিকেরা দায়িত্ব পালন না করলে সমস্যার সমাধান হবে না। এ ক্ষেত্রে মানুষের অসচেতনতা ও নাগরিক দায়িত্বের অভাব দেখা যাচ্ছে। এগুলো তদারক করতে হবে। জনপ্রতিনিধি, ডিসিসির পাশাপাশি জনগণকেও দায়িত্ব পালন করতে হবে।ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ কুদরতউল্লাহ বলেন, সাধারণত ডিসিসি ১৫-১৬টি পশুর হাটের অনুমোদন দিয়ে থাকে। অবৈধভাবে আরও ৯-১০ জায়গায় হাট বসে। কোরবানির ঈদ উপলক্ষে নেওয়া বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তুলে ধরে কুদরতউল্লাহ বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। প্রচারের ব্যবস্থাও করা হয়েছে। হাতগাড়ির সংখ্যা বাড়ানো হয়েছে। ফায়ার সার্ভিস ও ওয়াসাকে পানির গাড়ি সরবরাহের জন্য বলা হয়েছে। পরিচ্ছন্নতাসংক্রান্ত লিফলেট কাউন্সিলরদের মাধ্যমে যথাযথভাবে বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতাকাজের অগ্রিম অর্থ প্রদান, এ কাজে চাঁদরাতসহ ঈদের দিন ১৩৭টি গাড়ি রাখা হচ্ছে। পরিচ্ছন্নতার বিষয়ে জুমার নামাজে ও ঈদের আগের দিন মাইকিংয়ের ব্যবস্থা থাকছে। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় জনগণকেও সচেতন হতে হবে। ডিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল জলিল বলেন, ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন, তাঁরা সহায়তা চাইলে শতভাগ সহায়তা করা হবে। নাগরিকদেরও পাশে থাকতে হবে।সংলাপে সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, বাপার সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, প্রতিবছরই কোরবানির ঈদের সময় নগরের যেখানে-সেখানে মানুষ পশু বিক্রি করার জন্য দাঁড়িয়ে যায়। ক্রেতারাও সেখানে ভিড় করে। এটা বন্ধ হওয়া দরকার। কারণ, এতে নগরের সামগ্রিক পরিবেশ নষ্ট হয়। যানজট সৃষ্টি হয়। নগরজুড়ে নোংরা আবর্জনা ছড়িয়ে পড়ে।বক্তারা আরও বলেন, নগরে জনসংখ্যা বেড়েছে। পশু কোরবানির সংখ্যাও অনেক বেড়েছে। এসব বিষয় বিবেচনা করে ডিসিসির আর্থিক সক্ষমতা ও জনবল বাড়াতে হবে। পাশাপাশি নগরবাসীকে এগিয়ে আসতে হবে নগরের সার্বিক পরিবেশ রক্ষার স্বার্থে।