কোরবানির হাটের নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদুল আজহার সময় কোরবানির পশুবাহী ট্রাকগুলোকে নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও থামতে দেবে না পুলিশ। পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির পশুর হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।কোরবানির পশুর হাটের নিরাপত্তাব্যবস্থা নিয়ে গতকাল এক সভা শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এ কে এম বেনজীর আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।ডিএমপি কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ঢাকা সিটি করপোরেশন, চামড়া ব্যবসায়ী ও কোরবানির পশুর ২১টি হাটের ইজারাদার উপস্থিত ছিলেন।সভা শেষে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ বলেন, পশুর হাটের নিরাপত্তা বিধানে পুলিশ হাটের ইজারাদারদের সঙ্গে প্রয়োজনীয় বৈঠক করবে। হাট থেকে টাকা আনা-নেওয়ার সময় ব্যবসায়ীরা প্রয়োজনে পুলিশের সহায়তাও পাবেন। কোরবানির চামড়া নিয়ে এবার যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে পুলিশ সচেতন রয়েছে।বেনজির আহমেদ বলেন, এ বছর ঢাকা মহানগর ও সংলগ্ন এলাকায় পশুর ২১টি হাট বসবে। তিনি নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিটি হাটে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর আহ্বান জানান। ডিএমপি কমিশনার বলেন, পুলিশের কাছে খবর আছে, কোরবানির ঈদ সামনে রেখে বাজারে প্রচুর জাল নোট ঢুকে গেছে। এগুলোর মধ্যে বেশির ভাগই ৫০০ ও ১০০০ টাকার। জাল নোট প্রতিরোধে পুলিশেরও প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।বেনজির আহমেদ বলেন, পশুর হাটকে কেন্দ্র করে রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা এড়াতে গোয়েন্দা বিভাগকে (ডিবি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সব ধরনের ফাটকাবাজিও নিষিদ্ধ করা হয়েছে।