কোরবানির হাটের স্থাপনা এখনো সরানো হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সব পশুর হাট থেকে বাঁশের কাঠামো, তোরণ ও আবর্জনা সরানো হয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ইজারা দেওয়া অন্তত দুটি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ইজারা দেওয়া অন্তত তিনটি হাটে গতকাল শনিবারও এই চিত্র দেখা গেছে। অবৈধ হাটগুলোর মধ্যে একটিতে গিয়েও একই ধরনের অবস্থা দেখা গেছে। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ জন্য পোস্তগোলা শ্মশানের পাশে খালি জায়গার হাট ও গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে বালুর মাঠ হাটের ইজারাদারকে জরিমানার কথা জানিয়ে চিঠি দিয়েছে।
দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, গত শুক্রবার বালুর মাঠ ও পোস্তগোলা শ্মশানঘাট হাট ঘুরে দেখেছেন সব স্থাপনা সরানো হয়নি। ইজারাদারদের এগুলো দ্রুত সরিয়ে নিতে এবং আর্থিক জরিমানার কথা বলা হয়েছে।
গতকাল এই প্রতিবেদকও হাটে গিয়ে দেখেন, বাঁশের কাঠামো পড়ে আছে। পড়ে আছে পশুর বর্জ্য ও খড়কুটো। চারদিকে দুর্গন্ধ।
বালুর মাঠের চারপাশের সব তোরণ সরানো হয়নি। গোপীবাগ মোড়ে স্থাপিত বিশাল তোরণ থেকে রঙিন কাপড় খুলে নেওয়া হলেও বাঁশগুলো রয়ে গেছে। বালুর মাঠের অভ্যন্তরীণ সড়কটির নাম সাদেক হোসেন খোকা সড়ক। চারটি সড়ক দিয়ে এই সড়কে যানবাহন ও পথচারী চলাচল করে। এগুলো হচ্ছে: মতিঝিল মধুমতী সিনেমার পাশ, রামকৃষ্ণ মিশন রোড, কমলাপুর এবং জসীমউদ্দীন সড়ক পথ। গতকাল দুপুরে বৃষ্টির পর বালুর মাঠ সড়কে চলাচলকারী একটি গাড়ির চালক লিটন মিয়া বলেন, পুরো রাস্তায় গোবর ছড়িয়ে আছে। বৃষ্টির কারণে এগুলো রাস্তাকে পিচ্ছিল করে রেখেছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
উত্তর সিটি করপোরেশনের উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং উত্তরা ১১ ও ১৩ নম্বর সেক্টরের পাশে সোনারগাঁ জনপথের পাশে খালি জায়গায় স্থাপিত হাটের বাঁশের কাঠামোও সরানো হয়নি। উত্তর সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ থেকে জানানো হয়, হাট পরিচালনাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের ইজারা দেওয়া ১৮টি হাটের বাইরেও ঢাকায় কিছু অবৈধ হাট বসেছিল। এগুলোর একটি কুতুবখালী সনটেক মাদ্রাসার পাশের হাট। গুলিস্তান-যাত্রাবাড়ী উড়াল সেতুর যাত্রাবাড়ীর প্রান্তে নামলেই প্রধান সড়কের পাশে এই হাট। গতকাল গিয়ে দেখা গেল, সেখানে বাঁশের কাঠামো ছাড়াও অনেক বর্জ্য স্তূপাকার অবস্থায় পড়ে আছে।