কোলের শিশু অপহরণে ব্যর্থ হয়ে মাকে গুলি করেছে সন্ত্রাসীরা
কোলের শিশুকে অপহরণে ব্যর্থ হয়ে তার মাকে গুলি করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর হাতিরপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূর নাম সাজিয়া আইরিন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সাজিয়া আইরিন হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটে থাকেন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি গ্রিন রোডের বেসরকারি সেন্ট্রাল হাসপাতাল থেকে তাঁর সাত মাসের সন্তান মাহিন হাসানকে চিকিৎসক দেখিয়ে রিকশা করে বাসায় ফিরছিলেন। বাসার কাছে দুই সন্ত্রাসী তাঁর রিকশার গতিরোধ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁর কোল থেকে শিশু মাহিন হাসানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি পথচারী এক মহিলার কাছে বাচ্চাটি ছুড়ে দেন। সন্ত্রাসীরা তাঁর হাতের বালা খুলে নেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার করে ওঠেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাঁর মুখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এতে তাঁর সামনের দুটি দাঁত ভেঙে চোয়ালে গিয়ে বিদ্ধ হয়। আশপাশের লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, সাজিয়ার অবস্থা আশঙ্কাজনক। সাজিয়া আইরিনের স্বামী নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, তিনি আবাসন প্রতিষ্ঠানের ব্যবসা করেন। কিছু ব্যক্তির সঙ্গে তাঁর ব্যবসায়িক বিরোধ ছিল। তাঁর ধারণা, এর জেরই ধরে তাঁর সন্তানকে অপহরণের চেষ্টা করা হয়। ব্যর্থ সন্ত্রাসীরা তাঁর স্ত্রীকে গুলি করে।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, শিশু সন্তানকে অপহরণে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা তার মাকে গুলি করেছে বলে পুলিশ জানতে পারে। শিশুটির বাবার সঙ্গে লেনদেন নিয়ে কিছু ব্যক্তির বিরোধ চলছিল। এর জের ধরেই এ ঘটনা ঘটেছে।