কৌটা দেখে বোঝা যায় না ভেতরে ভেজাল প্রসাধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের তৈরি প্যানটিন প্রো-ভি শ্যাম্পু, হারবাল এসেনশিয়াল লোশন, ডাভ সাবান ও ক্রিম, থাইল্যান্ডের হেড অ্যান্ড শোল্ডার বা ভারতের গার্নিয়ার লেবেলের শ্যাম্পু দেখে বোঝার উপায় নেই, এগুলো আসল নয়। সরকারের তদারকি সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবাধে তৈরি ও বাজারজাত করা হচ্ছে এসব প্রসাধনসামগ্রী। ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েক দফা ভেজালবিরোধী অভিযান চালানোর পরও কাজ হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, লোশন, ক্রিম, পাউডার, বডি স্প্রে ব্যবহারের পর ভোক্তারা সাধারণত খালি কৌটা ফেলে দেয়। নানা হাত ঘুরে এই কৌটা আবার ভর্তি হয়ে চলে আসে বাজারে। পুরান ঢাকার চকবাজারের কিছু পাইকারি দোকানে এসব নকল প্রসাধনী পাওয়া যায়। আর এ প্রসাধনসামগ্রী তৈরি ও বাজারজাত করার সঙ্গে জড়িত আছে একটি প্রতারক চক্র।এ চক্রের একটি অংশ খালি কৌটা সংগ্রহ করে, আরেক পক্ষ নিখুঁতভাবে নকল সামগ্রী প্রস্তুত করে কৌটায় ভরে এবং অন্য পক্ষ রাজধানীসহ দেশের বিভিন্ন দোকান, সুপার শপ ও ডিলার নিয়োগ করে এই প্রসাধনসামগ্রী বাজারজাত করে। এর আগে র্যাবের একটি দল এ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।গত বছরের ২১ অক্টোবর ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার চকমোগলটুলীর খান মার্কেটে অভিযান চালিয়ে ৫৩ ধরনের নকল প্রসাধনী জব্দ করেন। দোকানের কর্মচারী সুমন জানান, ৩৩০ টাকা দামের একটি শ্যাম্পু তাঁরা মাত্র ৬০ টাকায় বিক্রি করেন। এসব মালামাল গ্রাম থেকে আসা বিভিন্ন পাইকার কিনে নেন। ওই সময় পাঁচজনকে অর্থদণ্ড করা হয়।২০০৯ সালের ১১ নভেম্বর ভ্রাম্যমাণ আদালত একই মার্কেটের দোতলায় দীন ইসলামের আল আমিন স্টোর, আরিফুর রহমানের হাবিব ব্রাদার্স, খোরশেদ আলমের আল্লার দান স্টোরে অভিযান চালান। নকল প্রসাধনী তৈরি ও বাজারজাত করায় দীন ইসলাম ও হাবিব ব্রাদার্সকে ছয় মাসের কারাদণ্ড ও আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।গত বুধবার ভ্রাম্যমাণ আদালত রাজধানীর অভিজাত এলাকা গুলশান-১-এর ডিসিসি মার্কেটে অভিযান চালান। অবৈধ পথে আমদানি করা এবং অনুমোদনবিহীন পণ্য রাখা ও বিক্রির অভিযোগে ৪৩টি প্রতিষ্ঠানকে চার লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেন।বিএসটিআইয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রসাধনী তৈরিতে এসিড, পানি, মোম, সুগন্ধি ও পারফিউম ব্যবহার করা হয়। এসব তৈরিতে মোমের পরিমাণ বেশি হলে তা ত্বকের ভেতর ঢুকে লোমকূপ বন্ধ হয়ে যায়। এতে ত্বকে মেছতা, ব্রণ ও ফাঙ্গাশ হওয়ার আশঙ্কা থাকে।আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, অবৈধ পথে এসব পণ্য আমদানি করায় সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। সেই সঙ্গে ভোক্তারা প্রতারিত হচ্ছেন।