ক্যাথলিক চার্চ পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষামন্ত্রীর আশ্বাস
ক্যাথলিক চার্চ পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ড ও ছয়টি ‘ধর্ম প্রদেশ’-এর প্রতিনিধিদের সঙ্গে এক সভায় মন্ত্রী এ আশ্বাস দেন। শিক্ষামন্ত্রী বলেন, মিশনারি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার মানের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়তে কাজ করছে। এসব প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে।সভায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত খ্রিষ্টধর্মীয় পাঠ্যপুস্তক সংখ্যায় কম হওয়ায় জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে না পাঠিয়ে ক্যাথলিক শিক্ষা বোর্ডের মাধ্যমে বিতরণের প্রস্তাব করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মন্ত্রী তা বিবেচনার আশ্বাস দেন।শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নোমান উর রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও, নটর ডেম কলেজের অধ্যক্ষ বেঞ্জামিন ডি কস্তা প্রমুখ।ক্যাথলিক চার্চ পরিচালনায় বাংলাদেশে তিনটি কলেজ, ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও পাঁচ শতাধিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে।