ক্যানটিন চলবে নিজ তত্ত্বাবধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নিজস্ব তত্ত্বাবধানে ক্যানটিন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী নিজস্ব তত্ত্বাবধানে ক্যানটিন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খাবারে ভর্তুকি দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শিক্ষার্থীদের খাবারের চাহিদা বিবেচনা করে আগামী মাস থেকেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কম টাকায় ভালো খাবার পাবেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যানটিনে খাবারের দাম কমানোর বিষয় নিয়ে গত রোববার উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় ট্রেজারার সেলিম ভূঁইয়া, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, ছাত্রকল্যাণের পরিচালক অরুণ কুমার গোস্বামী, প্রক্টর অশোক কুমার সাহা, ক্যাফেটেরিয়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন আহমেদসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। গত ৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘ক্যানটিনে চড়া দামে নিম্নমানের খাবার খেতে হচ্ছে শিক্ষার্থীদের’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপানো হয়। এর পর থেকে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীদের নেতৃত্বে ‘ক্যানটিনে ভর্তুকির বিষয়ে’ ১০ সেপ্টেম্বর পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করা হয়। ১৩ সেপ্টেম্বর ক্যানটিন অবরোধ কর্মসূচি পালন করে ছাত্র ইউনিয়ন। এর পরিপেক্ষিতে গত রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব তত্ত্বাবধানে ক্যানটিন পরিচালনার সিদ্ধান্ত নেয়।