ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যানটিন প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। ক্যানটিনের পরিচালক ছাত্রলীগের নেতাদের ভয়ে ক্যাম্পাসে আসতে পারছেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার শিক্ষার্থী।অভিযোগ পাওয়া গেছে, গত ২৩ মার্চ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। একপর্যায়্রেছাত্রলীগের একটি পক্ষ ক্যানটিনে ভাঙচুর চালায়। এ সময় তারা ক্যানটিনের ব্যবস্থাপক রাজীব আহমেদসহ তিন কর্মচারীকে মারধর করে। তারা ক্যাশ থেকে এক লাখের বেশি টাকা লুটে নেয়। এর পর থেকে অবকাশ ভবনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যানটিনটি বন্ধ আছে।হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ক্যানটিনের পরিচালক বেলাল হোসেন ওই দিনই ছাত্রলীগের মাকসুদুর রহমান, ওমর ফারুক, সৈকত বিন আকবর, আরিফ, ওবায়দুল, ইয়াসিন, সুমনসহ ৬০-৭০ জনকে আসামি করে মামলা করেন।ক্যানটিনের পরিচালক অভিযোগ করেন, ‘ঘটনার পর থেকেই ছাত্রলীগের একটি পক্ষ বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। তারা মিথ্যা অভিযোগে পাল্টা একটি মামলাও দিয়েছে। তাই ক্যাম্পাসে যেতে পারছি না। ঘটনার পর প্রশাসন ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও পদক্ষেপ নেয়নি।’ক্যানটিন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দর্শন বিভাগের ছাত্রী শিরিন আক্তার বলেন, প্রায় প্রতিদিন দীর্ঘ সময় ক্যাম্পাসে থাকতে হয়। কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নেই।বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ক্যানটিন চালুর আগে শিক্ষক-কর্মকর্তাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। কিন্তু দেড় বছর আগে ক্যানটিন চালুর পর তা-ও বন্ধ করে দেয় প্রশাসন।জানা গেছে, ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় আসার পর ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের পর ক্যানটিনটি বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘদিন চেষ্টার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের সহযোগিতায় ২০০৯ সালের সেপ্টেম্বরে ক্যানটিনটি চালু করে। গত মাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের পর ক্যানটিন আবার বন্ধ হয়ে যায়।ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা বলেন, অনাবাসিক বিশ্ববিদ্যালয়টির জন্য ক্যানটিনটি খুব প্রয়োজনীয়। এটি নিয়ে রাজনীতি করা ঠিক নয়। কিছুদিন ধরে তা বন্ধ থাকায় সবাই সমস্যায় পড়েছেন।উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ক্যানটিনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ক্যানটিন চালু করতে নতুন আসবাব কিনতে হবে। এ জন্য আগে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।তবে মেসবাহউদ্দিন আহমেদ আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিস্থিতি এখনো অনুকূলে নয়। ছাত্রলীগের নতুন কমিটি না হওয়া পর্যন্ত ক্যানটিন চালু করা সম্ভব না-ও হতে পারে।