রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যানটিনে চড়া দামে বিক্রি হচ্ছে নিম্নমানের খাবার। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীদের ফাও খাওয়া এবং প্রশাসন ক্যানটিনে ভর্তুকি না দেওয়ায় শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে দেখা যায়, ক্যানটিনের পশ্চিম পাশের দেয়ালে বড় একটি ডিজিটাল ব্যানারে খাবারের মূল্য তালিকা ঝুলিয়ে রেখেছে ক্যানটিন কর্তৃপক্ষ। তাতে লেখা আছে সবজি, ভর্তা ও ডিম প্রতিটির দাম ১৫ টাকা। কাঁচকি ও ছোট আকারের একটি তেলাপিয়া মাছ বিক্রি হয় ৩০ থেকে ৩৫ টাকা। তা ছাড়া এক টুকরা রুই মাছ ৪০, মুরগি ৬০, ডিম পোলাও ৩৫, ডিম খিচুড়ি ৪০, মোরগ-পোলাও ৭৫ ও মোরগ-খিচুড়ি ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। মোটা চালের প্রতি থালা ভাত ও ডাল ছয় টাকা। দেশের অন্যান্য সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যানটিনে একই ধরনের খাবার বিক্রি হচ্ছে এর চেয়ে কম দামে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন হলে সরেজমিনে দেখা যায়, শাকসবজি তিন টাকা, ডিম ১০ থেকে ১২ টাকা, সব ধরনের মাছ ও মুরগির মাংস ২৫ থেকে ৩০ টাকা দাম রাখা হচ্ছে। আর ডাল দেওয়া হয় বিনা মূল্যে।বাংলা বিভাগের শিক্ষার্থী এস এম আল আমিন অভিযোগ করে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৩ হাজার শিক্ষার্থীর বিপরীতে ক্যাম্পাসে ক্যানটিন রয়েছে মাত্র একটি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যানটিনে পর্যাপ্ত ভর্তুকি দিচ্ছে না, ক্যানটিনের সংখ্যাও বাড়াচ্ছে না। এ ছাড়া ছাত্রনেতা নামধারী কিছু প্রভাবশালী ছাত্র ফাও খাওয়ার ফলে এর প্রভাব পড়ছে সাধারণ ছাত্রদের ওপর। খাবারের দাম কমানোর ব্যাপারে জানতে চাইলে ক্যানটিনের পরিচালক বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ক্যানটিনে গড়ে প্রতিদিন এক শ থেকে দেড় শ ছাত্রনেতা-কর্মী টাকা না দিয়েই খাচ্ছেন। এ কারণে খাবারের দাম কমানো সম্ভব হচ্ছে না।’ তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একমাত্র এই ক্যানটিনে খাবারে ভর্তুকি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকবার আবেদন করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ক্যানটিনের একজন কর্মচারী বলেন, খাওয়া শেষে অনেকেই দাম না দিয়ে বিশ্ববিদ্যালয় শাখা নেতাদের কর্মী পরিচয় দিয়ে চলে যান। ক্যানটিন ব্যবস্থাপক বা কর্মীরা এর প্রতিবাদ করলে মারধরের শিকার হন। আবার কয়েকজন ছাত্রলীগ কর্মীর কাছ থেকে অর্ধেক দামও রাখতে হয়।এসব অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ বলেন, ছাত্রলীগের পরিচয় দিয়ে ক্যানটিনে ফাও খেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ক্যানটিনে ভর্তুকি দেওয়ার ব্যাপারে অনেক দিন আগে ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই প্রতিবেদন হাতে পাননি। এটা পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।