জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনে ভর্তুকি দেওয়া ও পরিবহনসংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্যাম্পাস শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় ছাত্রফ্রন্ট ও দুপুর দুইটার দিকে ছাত্র ইউনিয়ন পৃথকভাবে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করে। ছাত্রফ্রন্টের সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৩ হাজার শিক্ষার্থীর জন্য ক্যাম্পাসে ক্যানটিন রয়েছে মাত্র একটি। ক্যাম্পাস প্রশাসন ক্যানটিনে ভর্তুকি না দেওয়ায় চড়া দামে খাবার খেতে হচ্ছে শিক্ষার্থীদের। এ ছাড়া ক্যাম্পাস সম্প্রসারণ, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দেওয়া ও নতুন হল নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক শরীফুল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।ছাত্র ইউনিয়নের সমাবেশে বক্তরা বলেন, গুটি কয়েক শিক্ষার্থীর ফাউ খাওয়ার নামে একচেটিয়া ব্যবসা করছে ক্যানটিন কর্তৃপক্ষ। অন্যদিকে দিন দিন খারাপ হচ্ছে খাবারের মান। দামও বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। তা ছাড়া ক্যানটিনে কম টাকায় খাবার, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ক্যানটিন পরিচালনা, ক্যানটিন ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক লাকী আখতার এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দাস প্রণোত গুঞ্জন প্রমুখ।গত পাঁচ সেপ্টেম্বর ‘ক্যানটিনে চড়া দামে নিম্নমানের খাবার খেতে হচ্ছে শিক্ষার্থীদের’ এই শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপানো হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় সিদ্ধান্ত হয় উপাচার্য মেসবাহউদ্দিন বিদেশ থেকে ফেরার পর ক্যানটিনে ভর্তুকি দেওয়া, খাবারের মান বৃদ্ধি ও এর ন্যায্যমূল্য নির্ধারণ করা হবে।সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত উপাচার্য) সেলিম ভূঁইয়া, প্রক্টর অশোক কুমার সাহা, ক্যানটিন পরিচালনার দায়িত্বে নিয়োজিত ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন আহমেদ, ক্যাম্পাস শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ এবং সাংস্কৃতিক সম্পাদক লাকী আখতার উপস্থিত ছিলেন।