ক্যানসার ইনস্টিটিউটে বিনা মূল্যে স্তন ক্যানসার শনাক্ত
স্তন ক্যানসার সচেতনতা মাস উদ্যাপনের অংশ হিসেবে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল বিনা মূল্যে স্তন ক্যানসার শনাক্ত করার কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনা মূল্যে যে-কেউ এ সেবা গ্রহণ করতে পারবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, মাসব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল হাসপাতাল ভবনের নিচতলায় এ কার্যক্রম পরিচালনা করবে। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ম্যামোগ্রাম, আলট্রাসনোগ্রাম, এফএনএসি, বায়োপসি এসব প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা কম খরচে করা যাবে। স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালেও সচেতনতা-মূলক কার্যক্রম চলছে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিনা মূল্যে ক্যানসার-ঝুঁকিতে থাকা নারীদের সেবা দেওয়া হবে। এ ছাড়া ঝুঁকিতে থাকা নারীরা ৩০ শতাংশ কম খরচে আলট্রাসনোগ্রাম, ম্যামোগ্রাফি, এফএনএসি করার সুযোগ পাবেন। আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেল ও কলেজগুলোতে ক্যানসার বিষয়ে সচেতনতামূলক সভা করবে।