ক্যানসার জয়ে সময়মতো চিকিৎসা আর মনোবল দরকার
সময়মতো চিকিৎসা নিলে আর মনোবল থাকলে অধিকাংশ ক্ষেত্রে ক্যানসার ভালো হয়। গতকাল শনিবার বিশ্ব ক্যানসার সারভাইভারস দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় চিকিৎসকেরা এসব কথা বলেন। ঢাকা আহ্ছানিয়া মিশন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, চিকিৎসা, পরামর্শ-আলোচনা ও ইতিবাচক মনোভাব দিয়ে ৭৫ শতাংশ ক্যানসার নিরাময় সম্ভব। বিদেশে ৮০ শতাংশ শিশুর ক্যানসার নিরাময় হয়। বাংলাদেশে সাফল্যের হার মাত্র ২৫ শতাংশ। বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক বলেন, তিনি নিজে একজন ক্যানসার-আক্রান্ত মানুষ। ৩০ বছর ধরে তিনি ও তাঁর পরিবার এই রোগের সঙ্গে বসবাস করছেন। তিনি মনে করেন ক্যানসার চিকিৎসায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা প্রয়োজন। সরকারের একার পক্ষে সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব না।সভাপতির ভাষণে ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম বলেন, তাঁদের হাসপাতালটিতে ৩০ ভাগ দরিদ্র রোগী বিনা মূল্যে ক্যানসার চিকিৎসা পাবেন। আলোচনায় অংশ নেন ক্যানসার বিশেষজ্ঞ মাহাবুব-উল আলম ও আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালের প্রকল্প পরিচালক মো. লুৎফর রহমান। স্বাগত বক্তব্য দেন মিরপুর আহ্ছানিয়া মিশন ক্যানসার নির্ণয় কেন্দ্র ও হাসপাতালের পরিচালক সৈয়দ ফজলে রহিম। ক্যানসার-আক্রান্তদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন পাপিয়া ও ইব্রাহিম খলিল। বিজ্ঞপ্তি।