ক্যানসার দিবসে ইউনাইটেড হাসপাতালের সচেতনতামূলক অনুষ্ঠান
‘ক্যানসারসেবায় বৈষম্য দূর করি’ স্লোগানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ‘বিশ্ব ক্যানসার দিবস’ পালিত হয়েছে। গত বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে হাসপাতালের ক্যানসার কেয়ার সেন্টারের চিকিত্সকেরা অন্য বিভাগের চিকিত্সকদের নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর চিকিৎসক শান্তি বানসাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইউনাইটেড হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগ বাংলাদেশে প্রথম নিজস্ব সাইক্লোট্রনে উৎপাদিত আইসোটপের মাধ্যমে পেট-সিটি স্ক্যান চালু করে।
এই চিকিত্সক বলেন, ইউনাইটেড হাসপাতালের ক্যানসার কেয়ার সেন্টার শুরু থেকে এখন পর্যন্ত সফলতার সঙ্গে ক্যানসার রোগীদের বিশ্বমানের চিকিৎসার পাশাপাশি কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি সেবা দিয়ে আসছে।
মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ইউনাইটেড হাসপাতালের সহযোগী প্রতিষ্ঠান ইউনিকেয়ার রাজধানীর ধানমন্ডিতেও এ সেবা চালু করবে বলে জানান শান্তি বানসাল।
অনুষ্ঠানে ক্যানসার কেয়ার সেন্টারের চিকিৎসক রশিদ উন নবী, অসীম কুমার সেনগুপ্ত, শরীফ আহমেদ এবং নিউক্লিয়ার মেডিসিন ও মলিকুলার ইমেজিং বিশেষজ্ঞ এম এ ওয়াহাবসহ অন্যরা উপস্থিত ছিলেন।