ক্যানসার প্রশমন সেবাকেন্দ্রে আনন্দে দিন কাটাল ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি বড় হয়ে ডাক্তার হব। ডাক্তাররা মানুষের ব্যথা ভালো করে দেয়। আমিও সবার ব্যথা ভালো করে দিব।’ গতকাল বৃহস্পতিবার খুব আনন্দে কাটিয়েছে তামিম। ছবি এঁকেছে, খেলেছে ইচ্ছেমতো। ছয় বছরের তামিমের দেহে বাসা বেঁধেছে ক্যানসার। খুব কমই সম্ভাবনা আছে তামিমের ভালো হয়ে ওঠার। তামিমের মতো সারা দিন আনন্দে কাটিয়েছে তানজিদ, ইরফান ও সিফাত। ওদের সবার বয়স সাত বছরের নিচে। ক্যানসার ভেঙে দিচ্ছে তাদের বড় হয়ে ওঠার স্বপ্ন। তাই বলে ওরা স্বপ্ন দেখা বন্ধ করেনি। ছবি এঁকেই প্রমাণ দিয়েছে, ওরা কারও চেয়ে কম নয়।বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আশিক প্যালিয়েটিভ কেয়ার ইউনিট এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিষ্ঠানের ধানমন্ডির কার্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৩৬ জন সুবিধাবঞ্চিত শিশুর পাশাপাশি তানজিদ, ইরফান, সিফাত আর তামিমও অংশ নেয়। বেসরকারি সংস্থা সানোফি অ্যাভেনটিস এ অনুষ্ঠানে সহযোগিতা করে। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নিয়েছে বেসরকারি সংস্থা সুরভী, অপরাজেয় বাংলা ও ইউসেপের সুবিধাবঞ্চিত শিশুরা।আক্রান্তদের মধ্যে বেশ গম্ভীর প্রকৃতির ছেলে ছয় বছর বয়সী তামিম। নদী আর নৌকা আঁকছিল বেশ মনোযোগ দিয়ে। অন্যান্যের চেয়ে তার শারীরিক অবস্থা খারাপ। সে নন হসকিন লিমফোমায় ভুগছে। এ রোগে শরীরে প্রথমে টিউমার দেখা যায়, পরে তা ক্যানসারে রূপ নেয়। আশিক প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে এখন প্রশমন সেবা নিচ্ছে।তামিমের বাবা ঢাকায় রংমিস্ত্রির কাজ করেন। তামিমের মা রাজিয়া বেগম প্রথম আলোকে বলেন, দেড় বছর ধরে তামিম ক্যানসারে ভুগছে। তবে নিশ্চয়ই চিকিত্সকেরা ওকে ভালো করে তুলবেন। তামিমও একই কথা বলে। সুস্থ হয়ে সে অনেক পড়াশোনা করতে চায়।বেশ মনোযোগ দিয়ে পাঁচ বছর ১০ মাস বয়সী তানজিদ আহমেদ জাতীয় পতাকায় সবুজ রং করছিল। ছবি আঁকতে গেলেই সে জাতীয় পতাকা এঁকে ফেলে। কেন, জানতে চাইলে সে লাজুক ভঙ্গিতে বলে, ‘পতাকা আঁকা সহজ।’ মেহেরপুর জেলার তানজিদ লিউকেমিয়ায় আক্রান্ত। ২০০৯ সালের মাঝামাঝি তার ক্যানসার ধরা পড়ে। এখন নিয়মিত কেমোথেরাপি নিতে হয়। তানজিদের বাবা আবদুল আহাদ একজন সরকারি কর্মকর্তা। তিনি বলেন, চিকিত্সকেরা বলেছেন চার বছর ধরে ওষুধ নিতে হবে। আশায় বুক বাঁধা ছাড়া আর কিছু করার নেই।সাড়ে সাত বছর বয়সী মোহাম্মদ সিফাতও লিউকেমিয়ায় আক্রান্ত। স্কুলে প্লে গ্রুপ শেষ করে নার্সারিতে ওঠার পরই তার শরীরে ক্যানসার ধরা পড়ে। নিয়মিত কেমোথেরাপি নিতে শরীয়তপুর থেকে ঢাকায় আসতে হয়। সিফাতের বাবা খোকন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘গত সাড়ে ছয় মাসে প্রায় সাত লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। আমার সামর্থ্য আর হচ্ছে না। বিত্তবান মানুষেরা এগিয়ে এলে আমার ছেলেটা বাঁচবে।’ পাঁচ বছর বয়সী ইরফানের মা শিরীন আখতারও একই কথা বললেন।শিশুদের যত্ন নিয়ে তদারকি করছিলেন আশিক প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের চেয়ারপারসন সালমা চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ক্যানসার আক্রান্ত মানুষের জন্য প্রশমন সেবা খুবই প্রয়োজন। চিকিত্সাসেবা দেওয়ার মতো অবস্থা যখন শেষ হয়ে যায়, তখন তাদের প্রশমন সেবা ও মা-বাবার মনোবল দৃঢ় রাখার জন্য মনস্তাত্ত্বিক সহায়তার প্রয়োজন দেখা দেয়। এ লক্ষ্য সামনে রেখেই গড়ে তোলা হয়েছে আশিক প্যালিয়েটিভ কেয়ার ইউনিট নামের ক্যানসার প্রশমন সেবাকেন্দ্র।সালমা চৌধুরীর শিশুপুত্র আশিক হোসেন চৌধুরী ১৯৯৩ সালে ক্যানসারে মারা যায়।