হেড-নেক ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত সিম্পোজিয়ামে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, ক্যানসার রোগীরা সময়মতো সুচিকিৎসা পাচ্ছেন না। রোগনির্ণয়ের পর চিকিৎসা শুরু করতে অনেক দেরি হয়। দেশে যে কটি হাসপাতাল এই রোগের চিকিৎসা দেয়, সেখানেও সঠিক ব্যবস্থাপনা হয় না। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ওই সিম্পোজিয়ামের আয়োজন করে।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী বাংলাদেশে ক্যানসারের চিকিৎসায় শতাধিক হাসপাতাল থাকা দরকার। কিন্তু বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনায় নয়টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ছয়টি হাসপাতাল আছে। বিএসএমএমইউতেও রেডিয়েশন থেরাপির ব্যবস্থা নেই।
সিম্পোজিয়ামে বলা হয়, সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতালে খরচ প্রায় ২০ গুণ বেশি। ঠিক সময়ে রোগ ধরা না পড়া, সময়মতো চিকিৎসা না হওয়া, চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অনেক মানুষ ঝাড়ফুঁক, কবিরাজি, হোমিওপ্যাথি চিকিৎসার দিকে ঝুঁকে পড়েন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ক্যানসার বিষয়ে সচেতনতামূলক বার্তা রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো প্রচার করবে। বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান জনপ্রতিনিধিদের বিএসএমএমইউতে এসে চিকিৎসা নেওয়ার অনুরোধ জানান।
আলোচনায় অংশ নিয়ে চিকিৎসকেরা বলেন, বাংলাদেশে যত মানুষ ক্যানসারে ভোগেন, এর এক-তৃতীয়াংশ মুখ, নাক, সাইনাস, মুখগহ্বর, শ্বাসনালি ও খাদ্যনালির ওপরের অংশ, থাইরয়েড গ্রন্থি, বিভিন্ন লালা গ্রন্থির ক্যানসারে ভুগছেন। সিগারেট, হুক্কা, জর্দা, সাদাপাতা, গুল খাওয়া ছেড়ে দিলে ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। ক্যানসার শুরুতে ধরা পড়লে পুরোপুরি ভালো হয়।
মূল প্রবন্ধে হেড-নাক বিভাগের শিক্ষক মামুন হাসান বলেন, জিহ্বা বা গলার কোনো ঘা দুই সপ্তাহের মধ্যে সেরে না গেলে চিকিৎসকের কাছে যেতে হবে। ক্যানসারের লক্ষণ হচ্ছে, গলায় কাটা কাটা লাগা, স্বর ভেঙে যাওয়া, সর্দির সঙ্গে রক্ত বের হওয়া, ব্যথা ছাড়াই নাক-মুখ ফুলে থাকা।
বিএসএমএমইউর নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ সোসাইটি অব হেড-নেক সার্জনসের সভাপতি বেলায়েত হোসেন সিদ্দিকী বলেন, ‘একবার অস্ত্রোপচার করার পর দু-তিন সপ্তাহের মধ্যে রেডিওথেরাপি দেওয়া প্রয়োজন। হাসপাতালে রোগী রেডিওথেরাপির তারিখ পান তিন মাস পর।’