ক্যানসারে আক্রান্ত শিশুদের মাত্র ১০ শতাংশ চিকিৎসা পায়
দেশে প্রতিবছর সাত থেকে নয় হাজার শিশু ক্যানসারে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের মাত্র ১০ শতাংশ চিকিৎসাসেবা পায়। ব্যয়বহুল হওয়ায় ১০ শতাংশ শিশুর অর্ধেকই পুরো চিকিৎসা নিতে পারে না। অথচ দ্রুত শনাক্ত করা গেলে শিশুকে ক্যানসার থেকে রক্ষা করা সম্ভব।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে শিশুদের মধ্যে ক্যানসারের বিস্তার চিহ্নিতকরণ এবং করণীয় সম্পর্কে অগ্রাধিকার নির্ণয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল, ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ঢাকা এবং ব্রিটিশ কলম্বিয়া ক্যানসার এজেন্সি কানাডার সম্মিলিত উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, ‘আমরা দেখতে চাই, একটি শিশুও যেন বিনা চিকিৎসায় মারা না যায়। শিশুদের ক্যানসারের ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে হবে। বিশেষজ্ঞ ও সরকারসহ সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।’ একই সঙ্গে গণমাধ্যমকেও ক্যানসার সচেতনতা তৈরির ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের অধ্যাপক আফিকুল ইসলাম বলেন, ক্যানসারে আক্রান্ত শিশুদের মাত্র ৩ শতাংশ চিকিৎসা-সুবিধার আওতায় আসছে। দেশে নিউমোনিয়ায় আক্রান্ত শিশু চিকিৎসা পায়, অথচ লিউকেমিয়ায় আক্রান্ত শিশু চিকিৎসা পায় না। এ বৈষম্য দূর করা প্রয়োজন।ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের শিশু ও অনকোলজি বিভাগের অধ্যাপক ও বি টিম অ্যাডেন বলেন, ক্যানসার থেকে শিশুকে রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা নিতে হবে। বিশেষজ্ঞসহ সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ইমেরিটাস এ বি এম এফ করিম, ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, বিএসএমএমইউর অধ্যাপক সৈয়দ আকরাম হোসাইন, কানাডার ব্রিটিশ কলম্বিয়া শিশু ও মহিলা হাসপাতালের শিশু অনকোলজি ও হেমাটোলজি বিভাগের প্রধান পল জে রজার্স, ব্রিটিশ কলম্বিয়া শিশু হাসপাতালের আন্তর্জাতিক শিশু স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক চার্লস পি লারসন, ব্রিটিশ কলম্বিয়া ক্যানসার এজেন্সির ঊর্ধ্বতন বিজ্ঞানী স্টুয়ার্ট পিকক, আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালের প্রকল্প পরিচালক লুত্ফর রহমান, অধ্যাপক হারুন-অর-রশিদ প্রমুখ।