ক্যামব্রিয়ােনর ছাত্রাবাস থেকে ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্রাবাস থেকে গতকাল শুক্রবার জাহিদুল ইসলাম (১৫) নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, জাহিদুল আত্মহত্যা করেছে।
ভাটারা থানার পুলিশ জানায়, খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে ভাটারার বাঁশতলা নতুন বাজারের খিলবাড়িটেকে ক্যামব্রিয়ান কলেজের ছাত্রাবাসের ষষ্ঠ তলার ৬০৫ নম্বর কক্ষ থেকে জাহিদুলের লাশ উদ্ধার করা হয়। লাশ ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। তার দুই হাঁটু মেঝেতে ছিল। ওই কক্ষের পাশের কক্ষে সে থাকত। সে ক্যামব্রিয়ান কলেজের গুলশান শাখার উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল। তার বাবা কক্সবাজারের বাসিন্দা শাকেরুল্লাহ পেশায় ব্যবসায়ী। খবর পেয়ে তিনি ঢাকায় আসেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় ওই ছাত্রাবাসের (হোস্টেল) সুপার ওমর ফারুক ও সহকারী হোস্টেল সুপার আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। ৬০৫ নম্বর কক্ষের দুই শিক্ষার্থী আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ায় গত বৃহস্পতিবার রাতে ওই কক্ষে কেউ ছিল না।
ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী জানায়, বৃহস্পতিবার রাতে জাহিদুলের ব্যাগে একটি সিগারেট পাওয়া যায়। এ কারণে তাকে হোস্টেল সুপার ওমর ফারুক ও সহকারী সুপার আশরাফ প্রচণ্ড মারধর করেন। সকালে পাশের কক্ষে তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়।
জাহিদুলকে জুলাই মাসে এই কলেজে ভর্তি করান তার চাচাতো ভাই তারেক ইকবাল। তারেক ঘটনাটিকে হত্যাকাণ্ড অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘সিগারেট থাকার কারণে জাহিদুলকে প্রচণ্ড মারধর করা হয়। ওর হৃদ্যন্ত্রে সমস্যা ছিল। মারধরের পরই হয়তো ও মারা যায়। ধামাচাপা দিতে এখন আত্মহত্যা বলা হচ্ছে।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে জাহিদুলের বাবা প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আমার ছেলেকে মারধর করেন ওমর ফারুক। এ কথা তিনিই (ওমর ফারুক) ফোন করে আমাকে জানান। তবে মারধরের কারণ সম্পর্কে কিছু জানাননি। ছেলের সঙ্গে কথা বলতে চাইলেও তিনি দেননি। গতকাল ভোরে ফোন করে কথা বলতে চাইলে ওমর ফারুক জানান, জাহিদুল ঘুমাচ্ছে। সকাল সাড়ে নয়টার দিকে জানানো হয়, ছেলে আত্মহত্যা করেছে।’
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের গুলশান শাখার ভাইস প্রিন্সিপাল মাহবুব হাসান জানান, সকালে ছাত্রাবাসের ছয়তলার শেষ প্রান্তের একটি কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাহিদুলের লাশ দেখা যায়। এর পরই পুলিশে খবর দেওয়া হয়।
চীনে অবস্থানরত ক্যামব্রিয়ানের চেয়ারম্যান এম এ বাশার বলেন, ‘যে কক্ষে ছেলেটি থাকত, সেখানে ও আশপাশে কেউ ছিল না। পাশের কক্ষে গিয়ে ছেলেটি আত্মহত্যা করেছে বলে শুনেছি।’
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাতে হোস্টেল সুপারদের সঙ্গে জাহিদুলের বাগ্বিতণ্ডা হয়েছিল। যত দূর শুনেছি, তাঁরা ছেলেটিকে চড় মেরেছিলেন। এ কারণে অভিমান করে ছেলেটি আত্মহত্যা করেছে।’ তিনি জানান, জাহিদুলের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে ঘটনা সম্পর্কে আরও কিছু জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওমর ফারুক ও আশরাফ আলীকে থানায় আনা হয়েছে।
রাত আটটার দিকে জাহিদুলের চাচাতো ভাই তারেক জানান, এ ঘটনায় তাঁদের চাচা হেলালউদ্দিন হোস্টেল সুপার ওমর ফারুক, সহকারী সুপার আশরাফ ও ক্যামব্রিয়ান কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা করা হয়েছে মর্মে থানায় অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ওসি রাত সাড়ে আটটার দিকে জানান, অভিভাবকেরা থানায় এসেছেন, মামলার প্রক্রিয়া চলছে।
এর আগে ১৫ আগস্ট এই শিক্ষাপ্রতিষ্ঠানের গুলশানের ছাত্রীনিবাস থেকে দশম শ্রেণির ছাত্রী নাঈমা বিনতে নাহিদের (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।