ক্যামব্রিয়ান কলেজের ছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ক্যামব্রিয়ান কলেজের ছাত্রীনিবাস থেকে সামিয়াতুছ সাদিক ওরফে মিম (১৮) নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে গুলশান থানার পুলিশ নদ্দায় অবস্থিত ক্যামব্রিয়ান কলেজের ছাত্রীনিবাস থেকে মিমের মরদেহ উদ্ধার করে। এছাড়া বিকেএসপির এক শিক্ষার্থী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে।

মিমের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি ক্যামব্রিয়ান কলেজের বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন,  সন্ধ্যা সাতটার দিকে কক্ষের ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেন মিম। এরপর সহপাঠীরা অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা কক্ষের দরজা ভেঙে দেখতে পান ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন মিম।

ওসি বলেন, পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে যে ওই ছাত্রীনিবাসে কয়েক দিন আগে একটি মোবাইল সেট চুরি হয়েছিল। ওই মোবাইল চুরির ঘটনায় কয়েকজন ছাত্রী মিমকে দায়ী করেন। এর জের ধরেই সিলিং ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছেন মিম।

এদিকে রাজধানীর তুরাগের ধলিপাড়ায় গতকাল বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) এক শিক্ষার্থী শামীম খান (১৮) আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে চার-পাঁচজন ছিনতাইকারী শামীমের রিকশার গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে দুই হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। আহত শামীমকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে  অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন শামীম বলেন, তিনি সাভারের বিকেএসপি থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। সেখানে তিনি খেলার প্রশিক্ষণ নেন।