ক্যাম্পাসজুড়ে অবৈধ দোকান, চাঁদা নেন নিরাপত্তাকর্মীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য ভ্রাম্যমাণ ও স্থায়ী অবৈধ দোকান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন না থাকা সত্ত্বেও এসব দোকানের মালিকেরা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির মোবাইল টিমের সদস্যদের নির্দিষ্ট হারে চাঁদা দিয়েই তাঁরা ব্যবসা করছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় সিগারেট ও ফ্লেক্সিলোডের ব্যবসা করেন বারেক। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির মোবাইল টিমের সদস্যরা এক হাজার টাকা চাঁদা দাবি করেন তাঁর কাছে। জানতে চাইলে বারেক প্রথম আলোকে জানান, মোবাইল টিমের আনিস ও রফিককে এক বছর ধরেই তিনি চাঁদা দিয়ে আসছেন। ঈদের ছুটির আগে তাঁরা আবারও টাকা দাবি করেন। প্রতিবাদ করলে তাঁরা জিনিসপত্র আটকে রাখেন।বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে পাওয়া তালিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয় এলাকায় ২০টি ভ্রাম্যমাণ দোকানের অনুমতি রয়েছে। ক্যাম্পাসের বাকি দোকানগুলো অবৈধ। শিক্ষার্থীরা বলছেন, অপরিকল্পিতভাবে যত্রতত্র এসব দোকান গড়ে ওঠায় ক্যাম্পাস অপরিচ্ছন্ন হচ্ছে; ব্যাহত হচ্ছে স্বাভাবিক যাতায়াত।কয়েকজন দোকানদার এই প্রতিবেদককে জানান, চাঁদা না দিলে উচ্ছেদ করে দেওয়ার হুমকি দেন মোবাইল টিমের সদস্যরা। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না থাকায় ব্যবসা চালানোর স্বার্থে তাঁরা নীরবে এই চাঁদা দেন।সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেয়েছেন আমজাদ আলী। প্রথম আলোকে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে আমরা বাজার বানাতে চাই না। ছাত্রদের জন্য যে কটি দোকানের প্রয়োজন, সেগুলো বসতে দেওয়া হবে। বাকিগুলো উচ্ছেদ করা হবে।’ প্রক্টর আরও বলেন, অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার লক্ষ্যে প্রথমবারের মতো ১৪ সদস্যের মোবাইল টিম গঠন করেন। বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক নিরাপত্তাকর্মীর মধ্য থেকে তাঁদের বাছাই করা হয়। ক্যাম্পাসে সার্বক্ষণিক টহল দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের একটি মাইক্রোবাস দেয়। বিভিন্ন সময়ে অভিযোগের কারণে দুবার এই দলের সদস্যদের বদল করা হয়েছে।ক্যাম্পাস ঘুরে দেখা যায়, চারুকলা ইনস্টিটিউট, উদয়ন স্কুল, ঢাকসু ভবন, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র, কেন্দ্রীয় গ্রন্থাগার, তিন নেতার মাজার ও এফ রহমান হল এলাকায় অবস্থিত ভ্রাম্যমাণ অবৈধ দোকান রয়েছে। এখানে চটপটি, চা, তরকারি, শিঙাড়া, আমড়া ও পুরির দোকান গড়ে উঠেছে। এসব এলাকায় চটপটির ১৫টি, চায়ের ১০টি ও বিভিন্ন খাদ্যসামগ্রীর আরও আটটি দোকান রয়েছে। এ ছাড়া শারীরিক শিক্ষাকেন্দ্র এলাকায় রিকশা মেরামতের অস্থায়ী ও অবৈধ দোকান রয়েছে। এ কারণে রিকশাওয়ালারা সর্বক্ষণ গিজগিজ করেন। অবৈধ এসব দোকান থেকে মোবাইল টিমের দুজন সদস্য নিয়মিত চাঁদা তোলেন বলে অভিযোগ রয়েছে।নাম প্রকাশ না করার শর্তে এসব দোকানদার বলেন, প্রক্টোরিয়াল টিমের ওই দুজন সদস্য প্রতি মাসে ৫০০ থেকে এক হাজার টাকা চাঁদা নেন।অভিযুক্ত ওই দুজন হলেন আনিসুর রহমান ও রফিকুল ইসলাম। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা। আনিসুর রহমান বলেন, বিভিন্ন সময়ে অবৈধ দোকান তুলে দেওয়ার কারণে দোকানদারেরা ক্ষিপ্ত হয়ে তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন।রফিকুল ইসলাম বলেন, ‘চাঁদা তোলার মতো কোনো কাজ কখনোই করিনি। ভবিষ্যতেও করব না। এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।’