‘আসুন গড়ি পরিষ্কার বাংলাদেশ।’ আধো বাংলায় উচ্চারিত এ স্ল্লোগানে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী চমকে ওঠেন। আর তাঁদের এ চমক ভাঙে কোরিয়ান কিছু নাগরিকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ পরিচ্ছন্নতা অভিযান দেখে।আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) কোরিয়ান ভাষা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সহযোগিতায় কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) দিনব্যাপী এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।বিশ্ব ধরিত্রী দিবস ২০১১ উপলক্ষে ‘আসুন গড়ি পরিষ্কার বাংলাদেশ’ শীর্ষক এই অভিযানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় তিনি বলেন, মানুষ শারীরিকভাবে পরিচ্ছন্ন হলে মানসিক পরিচ্ছন্নতাও বজায় থাকে; আর মানসিক পরিচ্ছন্নতা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত সু থাই ইয়ং এবং বিশেষ অতিথি ছিলেন কোইকার বাংলাদেশ প্রতিনিধি লি জুং উওক। অনুষ্ঠানে আইএমএলের কোরিয়ান ভাষার ভিজিটিং স্কলার কিম সু হিউনও বক্তব্য দেন। আলোচনা পর্বের পর উপস্থিত সবাই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।