জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। কর্তৃপক্ষ বলছে, চুরি ও বিশৃঙ্খলা ঠেকাতে এটা করা হয়েছে। শিক্ষার্থীরা এতে ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার প্রশাসনিক ভবনসহ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে চারটি ক্যামেরা দেখা যায়। আর কোন কোন স্থানে ক্যামেরা বসানো হয়েছে, তা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাধারণ শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে নজরদারির নামে প্রশাসন চলাফেরা নিয়ন্ত্রণ করতে চায়। এতে ব্যক্তিস্বাধীনতা ক্ষুণ্ন হবে। তাঁরা এটা মেনে নেবেন না।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামালউদ্দীন আহমেদ বলেন, বহিরাগত ব্যক্তিরা যেন বিশ্ববিদ্যালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য ক্যাম্পাসে ক্লোজড সার্কিট ক্যামেরা বাসানো হয়েছে। এতে শিক্ষার্থীদের বিচলিত হওয়ার কিছু নেই।