ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ছাত্রলীগের ৩ কর্মীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ছাত্রকে মারধর ও ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছাত্রলীগের তিন কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়। এঁরা তিনজনই ছাত্রলীগের একটি গ্রুপের কর্মী বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা জানিয়েছেন।সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টায় ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র মিশুক সরকার মূল ফটকের সামনের টং দোকানে চা পান করতে যান। এ সময় পূর্বশত্রুতার জের ধরে ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ও ছাত্রলীগের কর্মী আজিজুল হাকিমসহ কয়েকজন তাঁকে মারধর করেন। মিশুকের বন্ধু ছাত্রলীগের কর্মী রূপক লোদ ঘটনাস্থলে উপস্থিত হলে তিনিও মারধরের শিকার হন।এ ঘটনার পর লাঠি ও রড নিয়ে উভয় পক্ষ ক্যাম্পাসে মহড়া দিতে থাকে। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা রডসহ আজিজুল হাকিম, সিফাত আহমেদ ও রিয়াদুর রহমানকে আটক করে। দুপুর ১২টার দিকে পুলিশ মারমুখী অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রডসহ আটক হওয়া ছাত্রলীগের তিন কর্মীকে কোতোয়ালি থানায় সোপর্দ করে। বিকেলে পুলিশ মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেয়। ঘটনার পর মিশুক ও রূপক প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে প্রশাসন তাৎক্ষণিকভাবে ওই তিন ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত থাকায় বহিষ্কৃতদের বিষয়ে ছাত্রসংগঠনটির কোনো বক্তব্য পাওয়া যায়নি।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মারধর ও ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে দোষী প্রমাণিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।