ক্যাম্পাসে সন্ত্রাস বন্ধ না হলে দীর্ঘ হবে সনিদের লাশের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্ররাজনীতির নামে শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধে সরকার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে চলেছে। কিন্তু এখন পর্যন্ত এই সন্ত্রাস বন্ধ করতে সরকার সফল হয়নি। ক্যাম্পাসে সন্ত্রাস বন্ধ না হলে সনির মতো মেধাবীদের লাশের মিছিল দীর্ঘতর হতে থাকবে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী সাবেকুন নাহার সনির অষ্টম মৃত্যুবার্ষিকীর আলোচনায় গতকাল মঙ্গলবার বক্তারা এসব কথা বলেন। বুয়েট মিলনায়তনে ‘সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করা হয়।২০০২ সালের ৮ জুন টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলিতে কেমিকৌশল বিভাগের ছাত্রী সনির মৃত্যু হয়।সনির মা দিলারা বেগম কান্না বিজড়িত কণ্ঠে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে সোনার সন্তানদের যাতে লাশ হয়ে ফিরে যেতে না হয় সে ব্যবস্থা গ্রহণ করুন।’বক্তারা বলেন, এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকেরা শুধু ছাত্র-শিক্ষক পরিচয়ে সন্তুষ্ট থাকতে পারেন না। তাঁরা বিভিন্ন দলের লেজুড়বৃত্তি করেন। ছাত্র-শিক্ষক, বিশেষত প্রশাসন নীতিহীন হলে শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধ হবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক আ ম ম সফিউল্লাহ। সনির বাবা হাবিবুর রহমান ভূঁইয়া, সনির শিক্ষক অধ্যাপক কে এম আবদুল কাদের, সনি মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান এফ এইচ খান প্রমুখ আলোচনা করেন। মূল প্রবন্ধ পাঠ করেন সনি মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্য হাবিবুল্লাহ নেয়ামুল করিম।সনির মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সংগঠনটি সনির নামে বুয়েটের ছাত্রী হলের নামকরণ, সনির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ও সনির স্মৃতিফলকে তাঁর জীবনবৃত্তান্ত ও মৃত্যুর ঘটনা বিস্তারিতভাবে উল্লেখ করার দাবি জানায়।