শিক্ষকদের কর্মবিরতির কারণে টানা ছয় দিন পর গতকাল সোমবার নিয়মিত ক্লাস শুরু হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। গতকাল শিক্ষক-শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে ক্যাম্পাস হয়ে উঠেছিল প্রাণচঞ্চল। ক্লাস শুরুর ফলে স্বাভাবিক শিক্ষাজীবনের অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়ায় বুয়েটের সব শিক্ষার্থী ও অভিভাবকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে যেসব দাবির কারণে কর্মবিরতি চলছিল, সেগুলো সময়মতো মেনে না নিলে এবং বাস্তবায়ন না করলে আবারও আন্দোলনের হুমকি দিয়ে রেখেছেন শিক্ষকেরা। শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে দুই ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। তাদের একাংশ মনে করে, শিক্ষাজীবন কিছুটা দীর্ঘায়িত হলেও শিক্ষকদের কর্মবিরতি বর্তমান প্রশাসনের প্রতি একটি সতর্কবার্তার মতো। এর ফলে প্রতিটি ক্ষেত্রে দলীকরণের যে প্রচেষ্টা চলে আসছিল কর্তৃপক্ষ তা থেকে দূরে থাকার চেষ্টা করবে।অন্যদিকে কিছু শিক্ষার্থী মনে করেন, কর্মবিরতি চালিয়ে ক্লাস বন্ধ না রেখে শিক্ষকদের প্রতিবাদের ভাষা ভিন্ন হতে পারত। তবে ক্লাস শুরু হওয়ায় সব শিক্ষার্থীই ছিলেন উৎফুল্ল। চাকরির বয়সসীমা ৬৫ বছর করার দাবিতে গত মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করেছিলেন বুয়েটের শিক্ষকেরা। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বর্তমান উপাচার্যের নিয়োগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক নিয়োগে দলীয়করণ, নিয়মবহির্ভূতভাবে ভূতাপেক্ষ পদোন্নতি— এসব বিষয়ে উপাচার্যের সঙ্গে শিক্ষকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সর্বশেষ গত ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শিক্ষকদের বয়সসীমা বাড়ানো নিয়ে বিরোধ প্রকট হয়ে ওঠে। ছয় দিন কর্মবিরতির পর গত রোববার উপাচার্য শিক্ষকদের দাবি মেনে নেওয়ার বিষয়ে লিখিত আশ্বাস দিলে শিক্ষকেরা কর্মবিরতি তুলে নেন।বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জয়নুল আবেদিন প্রথম আলোকে বলেন, আশ্বাস অনুযায়ী উপাচার্য গতকালই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভা ডেকে বুয়েট অধ্যাদেশের অবসরগ্রহণসংশ্লিষ্ট ৪৩ নম্বর ধারা এবং পেনশন/গ্রাচুইটিসংশ্লিষ্ট ১৯ নম্বর ধারা সংশোধন করেছে। ১৫ জানুয়ারির মধ্যে সংশোধিত ধারাগুলো আচার্যের কাছ থেকে অনুমোদন করিয়ে এনে তা কার্যকর করার ব্যবস্থা নিতে হবে। তা না হলে সাধারণ সভা ডেকে আবারও আন্দোলন শুরু করা হবে বলে তিনি জানান। শিক্ষকদের কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়া ও সেশনজটের বিষয়ে জানতে চাইলে জয়নুল আবেদিন বলেন, শিক্ষকেরা অতিরিক্ত ক্লাস নেবেন। এর ফলে সেশনজট হবে না। বুয়েটের শেষ বর্ষের ছাত্র মামুন মোর্শেদ খান প্রথম আলোকে বলেন, বুয়েটের সর্বত্রই ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের দাপট। এর পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরোক্ষ ইন্ধন। শিক্ষকদের এই আন্দোলনকে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, এর ফলে শিক্ষার্থীদের কিছুটা সমস্যা হলেও সার্বিক পরিস্থিতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। বুয়েটের উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম শিক্ষকদের কর্মবিরতির অবসান ও ক্লাস শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, সিন্ডিকেটের সভায় তাঁদের দাবির পক্ষে সিদ্ধান্ত নিয়ে অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারা পরিবর্তন করা হয়েছে। শিগগিরই তা অনুমোদনের জন্য আচার্যের কাছে পাঠানো হবে।