ঢাকা গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটের ভেতরে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে দরপত্রপ্রক্রিয়া সম্পন্ন ও কার্যাদেশ দেওয়া হয়েছে।বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য ভাঙতে হবে অধ্যক্ষের বাসভবন ও প্রশাসনিক ভবনের একাংশ। কাটা পড়বে প্রায় অর্ধশতাধিক বয়সী গাছ।এর আগে ২০০৩ সালে ইনস্টিটিউটের একমাত্র ছাত্রাবাসটিতে করা হয়েছে র্যাবের ইউনিট কার্যালয়।ক্যাম্পাসের ভেতরে বিদ্যালয় নির্মাণের উদ্যোগে মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে অবস্থিত প্রায় অর্ধশত বছরের পুরোনো সরকারি এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।ইনস্টিটিউট কর্তৃপক্ষ বিদ্যালয় নির্মাণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও র্যাব কার্যালয় স্থানান্তরের দাবি জানিয়ে গত ১৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দিয়েছে।সূত্রমতে, ইনস্টিটিউটের মোট ২ দশমিক ৮৭ একর জমির মধ্যে প্রায় এক একর জমিতে বিদ্যালয় নির্মাণ করা হচ্ছে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ‘ঢাকা মহানগরীতে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি মহাবিদ্যালয় (সরকারি) স্থাপন’ প্রকল্প হাতে নেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এরই অংশ হিসেবে ঢাকা গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটের ভেতরের জমিতে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।মাউশি থেকে ইনস্টিটিউটের অধ্যক্ষের কাছে সর্বশেষ চিঠিতে বলা হয়, ইনস্টিটিউটের ভেতরে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে। মাউশি থেকে ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৩৮ হাজার ৪৩০ বর্গফুট (প্রায় এক একর) জমি এ প্রকল্পের আওতায় বরাদ্দ দেওয়া হয়েছে। ওই চিঠিতে ইনস্টিটিউটের অধ্যক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। স্থান নির্ধারণের পর মাধ্যমিক বিদ্যালয় নির্মাণের জন্য দরপত্র আহ্বান ও কার্যাদেশ দেওয়া হয়েছে। শিগগিরই নির্মাণকাজ শুরু হবে।জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশিদ প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগরে মানসম্পন্ন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কম থাকায় ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি মহাবিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটের ভেতরে সরকারের নিজস্ব জমি পড়ে আছে। সরকার মনে করছে, এখানে একটি বিদ্যালয় স্থাপন করা যেতে পারে। এর ফলে এই অঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হবে। ইনস্টিটিউটের বিশেষ ক্ষতি হবে বলে মনে করি না।সম্প্রতি ইনস্টিটিউটে গেলে দ্বাদশ শ্রেণীর মনোয়ার হোসেন ও কামাল হোসেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া করে। কিন্তু দিন দিন তা সংকুচিত হয়ে যাচ্ছে। ঢাকার বাইরে থেকে অনেকে এখানে ভর্তি হওয়ার জন্য এসে ফিরে যাচ্ছে। ইনস্টিটিউটের ভেতরে আরেকটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন না করে এই প্রতিষ্ঠানটিকে উন্নয়নের উদ্যোগ নিলে শিক্ষার্থীরা উপকৃত হতো।শিক্ষার্থীরা জানালেন, ১০ বছর আগেও এই প্রতিষ্ঠানে ৬০০ শিক্ষার্থী ছিল। এখন তা দুই শতে নেমে এসেছে।যোগাযোগ করা হলে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সম্পাদক সৈয়দ মাহবুবুল আলম বলেন, গাছপালা কেটে উন্মুক্ত স্থান আটকে ফেলায় শুধু প্রাকৃতিক পরিবেশ নষ্ট হবে না, শিক্ষার পরিবেশও মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এ ধরনের উদ্যোগ গ্রহণযোগ্য নয়। বিষয়টি সরকারের পুনর্বিবেচনা করা উচিত।ঢাকা গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ এ কে এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ আমার নেই। তবে ছাত্রছাত্রীরা দাবি তুলেছে তাদের ক্যাম্পাস যাতে অক্ষুণ্ন থাকে। তারা নিজেদের ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতে চায়। এই বিষয়গুলো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’