ক্রমবর্ধমান চাহিদা পূরণে সম্প্রসারণ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি চালাতে, বিদ্যুৎ উৎপাদনে, এমনকি চাষাবাদে নবায়নযোগ্য শক্তি ব্যবহূত হচ্ছে। ভবিষ্যতে এই শক্তির ওপর নির্ভরশীলতা আরও বাড়বে। শক্তির ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিকল্প ব্যবস্থা হিসেবে এর সম্প্রসারণের পদক্ষেপ নেওয়া দরকার।নবায়নযোগ্য শক্তিবিষয়ক এক জাতীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে তিন দিনব্যাপী এই সেমিনার শুরু হয়েছে। এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বছরের ৩৬৫ দিনের মধ্যে প্রায় ৩০০ দিনই বাংলাদেশে সূর্যের পর্যাপ্ত আলো পাওয়া যায়। এই অপার শক্তি কাজে লাগিয়ে দেশের বৈদ্যুতিক চাহিদা অনেকাংশেই মেটানো সম্ভব।বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্র ও বাংলাদেশ সৌরশক্তি সমিতি যৌথভাবে ‘টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক চ্যালেঞ্জ ফর টেকিং সোলার পাওয়ার টু অল’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করেছে।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, কম মূল্যে সৌরশক্তি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পৃথিবীর প্রায় সব দেশই কাজ করে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কেউ কূলকিনারা করতে পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাটের জিনোম আবিষ্কৃত হয়েছে। সৌরশক্তির প্রসারেও এ বিশ্ববিদ্যালয়ই অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পরিবেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নয়, বরং পরিবেশ থেকে প্রাপ্ত শক্তিকে সহজ উপায়ে কাজে লাগানোর প্রচেষ্টা করতে হবে। পৃথিবীকে সুরক্ষার দায়িত্ব সবার। নবায়নযোগ্য শক্তি এ ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।এতে বাংলাদেশ সৌরশক্তি সমিতির সভাপতি মুহাম্মদ ইব্রাহিম সভাপতিত্ব করেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মোকাররম ভবন প্রাঙ্গণে সৌরবিদ্যুৎ চালিত বিভিন্ন যন্ত্রের তিন দিনব্যাপী এক প্রদর্শনীর উদ্বোধন করেন। নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণে সক্রিয় ১৪টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৮ এপ্রিল পর্যন্ত এ প্রদর্শনী চলবে।