সায়েদাবাদ রেল দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন
ক্রসিংয়ে উড়ালসেতু ও গেটম্যানের পদ স্থায়ীসহ বিভিন্ন সুপারিশ
রাজধানীর সায়েদাবাদ লেভেল ক্রসিংয়ে গত ২৯ সেপ্টেম্বরের ট্রেন-বাস সংঘর্ষের জন্য দুই বাসচালককে দায়ী করেছে তদন্ত কমিটি। কমিটি দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থল ই/৭ ক্রসিংসহ নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত সব গুরুত্বপূর্ণ ও ব্যস্ত লেভেল ক্রসিং গেটে উড়ালসেতু নির্মাণ করার সুপারিশ করেছে।এ ছাড়া ক্রসিং গেটের আশপাশে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা, লোকবল নিয়োগ, গেটম্যানের স্থায়ী পদ সৃষ্টি ও উড়ালসেতু নির্মিত হলে তার পাশে দেয়াল তুলতে বলা হয়েছে। সায়েদাবাদের ওই দুর্ঘটনায় দায়িত্বরত গেটকিপারসহ পাঁচজন নিহত এবং নয়জন আহত হয়েছিলেন।দুর্ঘটনার ১২ দিন পর গত মঙ্গলবার যোগাযোগসচিব মোজাম্মেল হক খানের কাছে এ তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান রেলওয়ের প্রধান প্রকৌশলী ইউসুফ আলী মৃধা। দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা ও দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশসহ আরও কয়েকটি কারণে ঘটনার দিনই এ কমিটি গঠন করা হয়েছিল। তাদের তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।তদন্ত প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে যোগাযোগসচিব মোজাম্মেল হক খান প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন যথাযথ হয়েছে। এতে উড়ালসেতু নির্মাণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে যেসব সুপারিশ করা হয়েছে, তা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। যত দ্রুত সম্ভব আমরা এসব ব্যাপারে ব্যবস্থা নেব।’কমিটি তাদের দেওয়া সুপারিশে সায়েদাবাদ ই/৭ ক্রসিংয়ে উড়ালসেতু নির্মাণ ও ট্রাফিক সার্জেন্ট মোতায়েন করার পরামর্শ দিয়েছে। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে অবিলম্বে স্থায়ী গেটম্যানের পদ সৃষ্টি ও লোকবল নিয়োগের ব্যবস্থা করার সুপারিশ করা হয়। যত দিন না স্থায়ী হয়, তত দিন গেটম্যানের পারিশ্রমিক বর্তমানের ৮০ টাকা থেকে কমপক্ষে ১৬০ টাকা করার সুপারিশ করা হয়। এ ছাড়া গেটের পাশের অবৈধ বাস টার্মিনাল উচ্ছেদ করতে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অস্থায়ী গেটম্যানের কোনো চাকরিবিধি না থাকায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।সর্তক করে দিয়ে তদন্ত প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বিভিন্ন স্থানে লেভেল ক্রসিংয়ের ওপর যানবাহন লাইন দিয়ে দাঁড়ানোর ফলে যেভাবে যানজট সৃষ্টি হচ্ছে, তাতে যেকোনো সময় আবারও একই ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।লেভেল ক্রসিং গেটের পাশের অবৈধ বাস টার্মিনাল থেকে যাতে যখন-তখন বাস বের হয়ে গেটে যানজট সৃষ্টি ও রেললাইনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে জন্য দ্রুত রেলভূমির অংশে সীমানা দেয়াল নির্মাণ করার পরামর্শও দেওয়া হয় এতে।প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে খিলগাঁও, মহাখালী ও টঙ্গীতে লেভেল ক্রসিং গেটের ওপর উড়ালসেতু নির্মাণ করা হলেও তা রেললাইনের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। কেননা, এখনো এর নিচ দিয়ে সড়কযান চলাচলের ব্যবস্থা রয়েছে।দুর্ঘটনা ও কারণ: প্রতিবেদনে বলা হয়, নারায়ণগঞ্জ-ব ১১০০৩৯ বাসটি গেটকিপারের সিগনাল না মেনে জোর করে রেললাইন অতিক্রমের চেষ্টা করলে নারায়ণগঞ্জগামী ট্রেনটির সঙ্গে এর ধাক্কা লাগে। অন্যদিকে আরেকটি বাস (ঢাকা মেট্রো-জ ১১-৩১১৬) সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বের হয়ে প্রধান সড়কে ঘোরানোর সময় রেললাইন অতিক্রম করতে চাইলে ট্রেন চলে আসে ও দুর্ঘটনা ঘটে। বাসচালকেরা গেটম্যানের সিগনাল অমান্য করে ব্যারিয়ারের (প্রতিবন্ধক) কাছে অবৈধভাবে বাস ঘোরানোর কারণে এ দুর্ঘটনা ঘটে।কমিটি: গত বুধবার বাংলাদেশ রেলওয়ে পূর্ব বিভাগের চার কর্মকর্তার সমন্বয়ে এ তদন্ত কমিটি গঠন করে। রেলওয়ের প্রধান প্রকৌশলী ইউসুফ আলী মৃধা ছাড়া কমিটির অন্য সদস্যরা ছিলেন চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শাহ্ জহিরুল ইসলাম, প্রধান যন্ত্র প্রকৌশলী মো. শামছুজ্জামান, প্রধান সংকেত ও তার যোগাযোগ প্রকৌশলী চন্দন কান্তি দাস।