ক্রিকেটার হওয়ার স্বপ্ন ওদের চোখে-মুখে
শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেল প্রতিবন্ধী শিশুরা। তাদের কেউ কেউ তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মাশরাফি কিংবা মুশফিকুর রহিমের মতো বড় খেলোয়াড় হওয়ার স্বপ্নের কথা জানায়।
গতকাল সোমবার শিশুদের জন্য এই সুযোগ তৈরি করে দেয় পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকা। প্যারেন্টর্স ফোরাম ফর ডিফারেন্টলি এবল (পিএফডিএ) ভকেশনাল ট্রেনিং সেন্টার থেকে এই ৩০ প্রতিবন্ধী শিশু এসেছিল। ক্রিকেটারদের সঙ্গে আনন্দঘন পরিবেশে এই শিশুরা নেচে-গেয়ে ছবি তুলে তাদের তৈরি বিভিন্ন হস্তশিল্প, কাগজের তৈরি কার্ড ও বিভিন্ন সামগ্রী এবং গ্রাফিকস ডিজাইন প্রদর্শন করে। প্রতিবন্ধী শিশুদের একজন ভবিষ্যতে ফটোগ্রাফার ও অপরাধ তদন্তকারী হওয়ার কথাও জানায় উপস্থিত সবাইকে।
হোটেল লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ার, পরিচালক বিক্রয় ও বিপণন আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
এসব শিশু স্নায়বিক বিকাশ জনিত প্রতিবন্ধিকতা যেমন অটিজম, ডাউন সিনড্রোম, সিরিয়াল পালসি, বুদ্ধি প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধিকতায় আক্রান্ত। বিজ্ঞপ্তি।