ক্রিসেন্ট ট্যানারিজের সাড়ে ৬৮ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশন (দুদক)

জাল ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে জনতা ব্যাংক থেকে মেসার্স ক্রিসেন্ট ট্যানারিজ লিমিটেডের ৬৮ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ করার তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় দায়ের করা মামলার দীর্ঘ তদন্তের পর আজ বৃহস্পতিবার অভিযোগপত্র অনুমোদন দিল দুদক।

অভিযোগপত্রে ক্রিসেন্ট ট্যানারিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ কাদের, তাঁর স্ত্রী সুলতানা বেগম (ব্যবস্থাপনা পরিচালক), মা রেজিয়া বেগমসহ (পরিচালক) ১৬ জনকে আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার মো. আবদুল্লাহ আল মামুন, একই ব্যাংকের সিনিয়র অফিসার মো. মনিরুজ্জামান, সিনিয়র অফিসার মো. সাইদুজ্জামান, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ রুহুল আমীন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মাগরেব আলী, এসপিও মো. খায়রুল আমিন, এজিএম মো. আতাউর রহমান সরকার, ডিজিএম এ কে এম আসাদুজ্জামান, ডিজিএম মুহাম্মদ ইকবাল, জিএম মো. রেজাউল করিম, ডিজিএম কাজী রইস উদ্দিন আহমেদ, জনতা ব্যাংক তৎকালীন জিএম মো. জাকির হোসেন ও জনতা ব্যাংকের তৎকালীন জিএম ফখরুল আলম।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, বিদেশে পণ্য রপ্তানির নামে জনতা ব্যাংকের পুরান ঢাকার ইমামগঞ্জ শাখা থেকে ক্রিসেন্ট ট্যানারিজের নামে ৬৮ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ১২০ টাকার ঋণ নেওয়া হয়। কার্যত পণ্য রপ্তানি না করেই জাল ও ভুয়া কাগজপত্র দেখিয়ে রপ্তানি বিলের বিপরীতে ক্রিসেন্ট ট্যানারিজের অনুকূলে এই ঋণ উত্তোলন করে আত্মসাৎ করা হয়। ক্রিসেন্ট ট্যানারিজ লিমিটেড জনতা ব্যাংকের এই শাখার গ্রাহক। দুদকের অনুসন্ধানে ধরা পড়ে যে ক্রিসেন্ট ট্যানারিজের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক প্রতারণার মাধ্যমে ভুয়া রপ্তানি চুক্তি ব্যাংকে দাখিল করে মালামাল রপ্তানি না করেই তার বিপরীতে জনতা ব্যাংক থেকে (এফডিবিপি+ প্যাকিং ক্রেডিট) এর আড়ালে ৬৮ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ১২০ টাকা নগদে উত্তোলন করে আত্মসাৎ করেন। ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সময়ে অর্থ আত্মসাতের ঘটনা ঘটে।

এ বিষয়ে দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে পুরান ঢাকার চকবাজার মডেল থানায় এই মামলা করেছিলেন। তিনিই মামলার তদন্ত করেন। তদন্ত শেষে অভিযোগপত্র চূড়ান্ত করল দুদক।

নথিপত্র বিশ্লেষণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের নিজস্ব তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দুদক প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে ভুয়া নথিপত্রের আড়ালে এই টাকা আত্মসাতে জনতা ব্যাংকের প্রধান কার্যালয় ও ইমামগঞ্জ শাখার অনেক কর্মকর্তার যোগসাজশ ও সহায়তা ছিল। এর কারণে ক্রিসেন্ট ট্যানারিজের তিন কর্ণধারের পাশাপাশি ব্যাংকের ১৩ জন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।

এদিকে আর্থিক প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে দুটি কাগুজে প্রতিষ্ঠানের নামে ৮২ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের ঘটনায় আজ দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মামলা দুটিতে অভিযোগ করা হয়, অস্তিত্বহীন প্রতিষ্ঠান এসএ এন্টারপ্রাইজের অনুকূলে ৪২ কোটি টাকা এবং সন্দীপ করপোরেশনের নামে ৪০ কোটি টাকা ঋণ নিয়ে পুরোটাই আত্মসাৎ করা হয়। বিদেশে পলাতক পিকে হালদার এবং তাঁর সহযোগীদের যোগসাজশে এফএএস ফাইন্যান্স থেকে ওই টাকা আত্মসাৎ হয়।

দুটি মামলায় পিকে হালদার, এফএএস-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাসেল শাহরিয়ার, এফএএস ইনভেস্টমেন্টের বর্তমান চেয়ারম্যান এমএ হাফিজ, পরিচালক মো. সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর আলম, উজ্জ্বল কুমার নন্দীসহ ১২ পরিচালকসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

সম্প্রতি এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ১৩০০ কোটি আত্মসাতের ঘটনার অনুসন্ধান শেষ হয়। টাকা আত্মসাতের অভিযোগে ১৩টি মামলা দায়েরের অনুমোদন দেয় দুদক।