ক্রেডিট কার্ড চুরির ঘটনায় গ্রেপ্তার চারজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকযোগে আসা ক্রেডিট কার্ড চুরির সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া চারজনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার এদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চারজনই স্বীকার করেছেন, গুলশান ডাকঘরের পিয়ন আবদুর রব, রশীদ ও জালাল ডাকযোগে আসা ক্রেডিট কার্ড বিতরণ না করে বিক্রি করে দিতেন। সূত্র জানায়, ক্রেডিট কার্ড চুরির ঘটনায় পুলিশ গুলশান ডাকঘরের পিয়ন আবদুর রব, কামাল আহমেদ ওরফে নূরুল আমিন, তাঁর সহযোগী রাসেল আহমেদ এবং আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ডাকপিয়ন আবদুর রব ডিবির জিজ্ঞাসাবাদে জানান, ডাকযোগে আসা পার্সেল থেকে ক্রেডিট কার্ড পেলেই সেগুলো নিবন্ধন খাতায় না লিখে নিজের কাছে রেখে দিতেন তিনি। পরে এসব কার্ড নুরুল আমিনের কাছে ১০ হাজার টাকা করে বিক্রি করতেন। ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমান জানান, এ চক্রের নেতা নুরুল আমিন ডাক বিভাগের কর্মচারীদের কাছ থেকে ক্রেডিট কার্ড কিনে আরেক সদস্য রাসেলকে দিতেন। রাসেল এসব কার্ড কার্ডের মালিক সেজে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন বিপণিবিতান থেকে ইলেকট্রনিকস-সামগ্রী ও আসবাবপত্র কিনতেন। পরে এসব জিনিসপত্র ১০ থেকে ১৫ শতাংশ কমিশনে বিক্রি করেন। গ্রেপ্তার হওয়া নুরুল আমিন জানান, ক্রেডিট কার্ড দিয়ে তাঁরা দেশে ও দেশের বাইরে থেকে তৈরি পোশাক ও প্রসাধনী কিনে ঢাকার নামকরা দোকানে বিক্রি করতেন।