ক্রেডিট কার্ড প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেডিট কার্ড প্রতারক চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডাকযোগে আসা ক্রেডিট কার্ড (পিনকোড খোলা) বিতরণ না করে গুলশান ডাকঘরের একশ্রেণীর পিয়ন তা ওই চক্রের কাছে বিক্রি করে আসছিল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গুলশান ডাকঘরের পিয়ন আবদুর রব (৪২), প্রতারক চক্রের হোতা কামাল আহমেদ ওরফে নূরুল আমিন (৫২), তাঁর সহযোগী রাসেল আহমেদ (৩৪) ও আনোয়ার হোসেন (৩৩)। তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ কম্পিউটার, একটি সাউন্ড সিস্টেম, একটি আইফোন, দুটি মুঠোফোন, স্বর্ণালংকার, শাড়ি প্রভৃতি উদ্ধার করা হয়েছে। গত বুধবার ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমানের নেতৃত্বে একটি দল নূরুল আমিনকে তাঁর বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ার কাকরাদারিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তাঁর তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে বাড্ডার নতুনবাজারে ডাকপিয়ন আবদুর রব এবং মিরপুর থেকে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকালে মালিবাগের বাসা থেকে ডেকে ডিবি কার্যালয়ে এনে রাসেলকে গ্রেপ্তার করা হয়।