ক্রেতার ভিড়ে জমজমাট হাট
কোরবানির পশুর হাট থেকে গরু কিনে নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতা। সঙ্গে আছেন স্বজন। কেউ কেউ নিজেই রশি ধরে হাঁটছেন। পছন্দের পশু কিনতে পারার আনন্দ সবার চোখে-মুখে। পথ চলতি মানুষের প্রশ্নে হাসিমুখে জানাচ্ছেন দাম। রাজধানীর পথে পথে গতকাল বুধবার দেখা গেছে এমন দৃশ্য।কয়েক দিন আগে শুরু হলেও নগরের কোরবানির পশুর হাটগুলো সবচেয়ে সরগরম ছিল গতকাল। বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় সকাল থেকেই হাটগুলোতে ক্রেতাদের ভিড় জমে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে ভিড়। চলে পশু পছন্দ আর দর-কষাকষি। দর বনলে গরুর রশির হাতবদল হয়ে চলে গেছে ক্রেতার হাতে। ট্রাক, ট্রলার ও নৌকায় করে হাটে পৌঁছা পশু হেঁটে রওনা হয় ক্রেতার বাড়ির উদ্দেশে।গাবতলী, আগারগাঁও, তালতলা, তেজগাঁও, আরমানিটোলা মাঠ ও শনির আখড়াসহ বিভিন্ন পশুর হাটে গিয়ে দেখা যায়, হাজার হাজার গরু-ছাগল। গতকালও পশুবাহী অসংখ্য ট্রাক হাটগুলোতে এসেছে। পশু সরবরাহের তুলনায় দাম কিছু বেশি বলে জানালেন ক্রেতারা। তবে বিক্রেতারা বললেন, বেশি দামে কিনতে হয়েছে, অন্যান্য খরচও বেশি। তাই পোষানোর জন্যই এমন দাম। তবে গরু কেনার পর ক্রেতাকে সন্তুষ্টই দেখা গেছে।প্রচুর পশু বিক্রি: আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা। মাঝে আছে বৃহস্পতিবার ও শুক্রবার। বৃহস্পতিবার সব অফিস-আদালত খোলা। তাই গতকাল সরকারি ছুটির দিনে পশু কেনা সেরে ফেলেছেন অনেকেই।গাবতলী হাটে গরু ব্যবসায়ী মো. কালাম জানান, তিনি ১৭টি গরু এনেছিলেন। গত মঙ্গলবার পর্যন্ত পাঁচটি বিক্রি হয়। গতকাল বিক্রি করেন আটটি। কুষ্টিয়া থেকে আসা গরু ব্যবসায়ী আবদুল মোতালিব বলেন, তাঁর ১৫টি গরুর মধ্যে সোমবার পর্যন্ত বিক্রি হয় তিনটি। আর গতকাল বিকেল পর্যন্ত বিক্রি হয়েছে আটটি।বেলা দেড়টার দিকে ওই হাটে ব্যাংক কর্মকর্তা অলিউল্লাহ বলেন, সকাল ১০টায় এসেছেন। কিন্তু পছন্দের সঙ্গে দাম করতে পারছেন না। ব্যবসায়ীরা বেশি দাম হাঁকাচ্ছেন।উট দেখার মানুষ বেশি: গাবতলী হাটে সারি সারি দাঁড়িয়ে থাকা উটের আশপাশে ক্রেতার চেয়ে দর্শকের ভিড় দেখা গেল। কেউ কেউ মুঠোফোনে ছবি তুলছেন বা ভিডিও করছেন। একেকটি উটের দাম হাঁকা হয় সাত থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।উট ব্যবসায়ী মো. সায়েম বলেন, ‘উট কেনার মানুষ কম, দেখার মানুষ বেশি। ১১টি উট এনে গতকাল পর্যন্ত ২২ লাখ টাকায় চারটি বিক্রি করেছি।’ সব উট বিক্রি হবে বলে আশা করছেন তিনি।পশু চুরি!: গাবতলী হাটে গরু ব্যবসায়ী ইয়ছিন মিয়া অভিযোগ করলেন, গতকাল ভিড়ের মধ্যে তাঁর একটি গরু চুরি হয়েছে। আরও কয়েকজন ব্যবসায়ীর গরুও চুরি হয়েছে।অবশ্য ওই হাটে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, এ ধরনের কোনো অভিযোগ তারা পায়নি। এখানে জাল নোটও ধরা পড়েনি।মাঝারি গরুর চাহিদা বেশি: চারটি হাট ঘুরে দেখা গেছে, বড় গরুর চেয়ে মাঝারি আকারের গরুর দিকে ক্রেতাদের ঝোঁক বেশি। এ ধরনের গরু কোনো কোনো হাটে ৪৫ থেকে ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর চেয়ে সামান্য বড় গরু ৬০ থেকে ৮৫ হাজার টাকায় বিক্রি হয়। এমন গরুর সংখ্যাও প্রচুর।পীরেরবাগের বাসিন্দা আব্বাসউদ্দিন গোলন্দাজ এক দিনের ব্যবধানে তালতলা পশুর হাট থেকে দুটি গরু কিনেছেন। গতকাল একটি গরু কেনেন হাসিলসহ ৮৪ হাজার টাকায়, এক দিন আগে একটি কিনেছিলেন ৪১ হাজার টাকায়। ছোটটির দামে সন্তুষ্টি থাকলেও বড় গরুটির দাম ৭০-৭৫ হাজার টাকা হলে ঠিক ছিল বলে মনে করেন তিনি।হাটভেদে দামের ব্যবধান: বিভিন্ন হাট এবং রাস্তাঘাটে বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে আলাপ করে জানা যায়, ব্যবসায়ীরা যাঁর কাছ থেকে যেমন পারছেন, সেভাবে পশু বিক্রি করছেন। হাটভেদে রয়েছে দামের পার্থক্য। কমলাপুর পশুর হাট থেকে ৫৯ হাজার টাকায় দুটি ছোট আকারের দেশি ষাঁড় কেনেন সিদ্ধেশ্বরীর বাসিন্দা আবদুল্লাহ। তিনি সন্তুষ্ট বলে জানান।শনির আখড়ার হাটে বেসরকারি চাকরিজীবী মো. নিজাম উদ্দিন জানান, তিনি ৫০ থেকে ৬০ হাজার টাকার মধ্যে একটি গরু কিনতে সকালে হাটে আসেন। কিন্তু প্রায় দুই ঘণ্টা ঘুরেও গরু কিনতে পারেননি। তিনি বলেন, ‘যেটি পছন্দ হয়, সেটির দাম হাঁকে ৭০-৮০ হাজার টাকা। তাই না কিনেই চলে যাচ্ছি, কাল (বৃহস্পতিবার) আবার আসব।’